বিদ্যুৎ ও পানির দাম সমন্বয়ের আগে সৌদি নাগরিকদের জন্য সহায়তা ঘোষণা
সৌদি আরবে বিদ্যুৎ ও পানির শুল্ক সমন্বয়ের প্রেক্ষাপটে নাগরিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্যাকেজের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ।
সৌদি আরবে বিদ্যুৎ ও পানির শুল্ক সমন্বয়ের প্রেক্ষাপটে নাগরিকদের জন্য বিশেষ আর্থিক সহায়তা প্যাকেজের নির্দেশ দিয়েছেন বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের প্রস্তাবের ভিত্তিতে রোববার তিনি এই নির্দেশনা দেন। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে দেশটিতে বিদ্যুৎ ও পানির নতুন মূল্য কার্যকর হতে যাচ্ছে।
নতুন সহায়তার আওতায় বেসামরিক ও সামরিক খাতের চাকুরিজীবী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা প্রতি মাসে অতিরিক্ত ৫০০ সৌদি রিয়াল ভাতা পাবেন। সামাজিক বিমা ব্যবস্থার আওতাভুক্ত মৃত চাকুরিজীবী বা পেনশনভোগীদের যোগ্য সুবিধাভোগীরাও এই সুবিধা পাবেন। পাশাপাশি বাড়তি খরচের চাপ সামলাতে সামাজিক নিরাপত্তার আওতাভুক্ত পরিবারগুলোকে প্রতি মাসে ৫০০ রিয়াল করে সহায়তা দেওয়া হবে।
এছাড়া বেসরকারি খাতে সৌদি নাগরিকদের মজুরি বাড়াতে 'নিতাকাত' কোটা ব্যবস্থার নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন ব্যবস্থা কার্যকরের ছয় মাস পর বেসরকারি কর্মীর ন্যূনতম বেতন বাড়িয়ে ৫ হাজার রিয়াল করা হবে। প্রথম বৃদ্ধির বারো মাস পর এই বেতন আরও বাড়িয়ে ৬ হাজার রিয়াল নির্ধারণ করা হবে।