সার্বিয়ায় পার্লামেন্ট নির্বাচনে রেকর্ড ভোটার উপস্থিতি, শিক্ষার্থীদের চ্যালেঞ্জের মুখে ভুচিচ
সার্বিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে।
সার্বিয়ার পার্লামেন্ট নির্বাচনে রেকর্ডসংখ্যক ভোটারের উপস্থিতি দেখা গেছে। দেশটির ডানপন্থী নেতা আলেকসান্দার ভুচিচ ও তার ক্ষমতাসীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টির (এসএনএস) বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে শিক্ষার্থী আন্দোলন। প্রাথমিক হিসাব অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ২টা পর্যন্ত ৪৬ শতাংশ ভোট পড়েছে। ২০২৩ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত আগের নির্বাচনের তুলনায় এবার একই সময়ে প্রায় দশ লাখ বেশি ভোটার ভোট দিয়েছেন।
২০২৪ সালে একটি রেলস্টেশনের ছাউনি ধসে ১৬ জনের মৃত্যুর ঘটনায় দেশটিতে তীব্র ছাত্র আন্দোলন গড়ে ওঠে। সার্বিয়ার দুর্নীতি ও অবহেলার প্রতীক হিসেবে দেখা ওই ঘটনার জেরেই এই আগাম নির্বাচন ডাকেন ভুচিচ। দুর্নীতির বিরুদ্ধে দাঁড়ানো প্ল্যাটফর্ম ‘স্টুডেন্ট লিস্ট’ এবার নোভি সাদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইলিয়া স্রদানোভিচের নেতৃত্বে বিভিন্ন পেশার ২৫০ জন প্রার্থী দিয়েছে। অন্যদিকে ২০১২ সাল থেকে ক্ষমতায় থাকা ভুচিচ দুই মেয়াদে প্রেসিডেন্ট দায়িত্ব পালনের পর এবার পুনরায় প্রধানমন্ত্রী পদে ফিরতে লড়াই করছেন।
সার্বিয়া এবং বিদেশের বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি তৈরি হতে দেখা গেছে। বিশ্লেষকদের মতে, চূড়ান্ত ভোটদান ৬৫ শতাংশ বা তার বেশি হলে তা শিক্ষার্থীদের পক্ষে যাবে। তবে নির্বাচনকে ঘিরে সারা দেশেই উত্তেজনা তৈরি হয়েছে। দেশের ৮ হাজার ২১০টি ভোটকেন্দ্রের কয়েকটিতে বেআইনিভাবে আগে থেকে ব্যালট পূরণ ও পর্যবেক্ষকদের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। রাজধানী বেলগ্রেডে নির্বাচন কমিশনের কার্যালয়ের আশপাশের রাস্তা বন্ধ করে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।