ডেইলি বাংলাগ্রাম

আর্জেন্টিনায় ভয়াবহ বন্যায় দুইজনের মৃত্যু, গৃহহীন দুই সহস্রাধিক মানুষ

টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় উত্তর-পূর্ব আর্জেন্টিনায় দুইজনের মৃত্যু হয়েছে।

আর্জেন্টিনায় ভয়াবহ বন্যায় দুইজনের মৃত্যু, গৃহহীন দুই সহস্রাধিক মানুষ

টানা ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় উত্তর-পূর্ব আর্জেন্টিনায় দুইজনের মৃত্যু হয়েছে। নদীগুলোর পানি উপচে পড়ায় ওই অঞ্চলের দুই হাজারেরও বেশি বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। বৃষ্টিপাতের ফলে পারানা, উরুগুয়ে ও ইগুয়াজু নদীর পানি বেড়ে গেছে। এতে ব্রাজিল, প্যারাগুয়ে এবং উরুগুয়ে সীমান্তবর্তী এলাকার বসতিগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে চাকো প্রদেশ অন্যতম। সেখানকার পুয়ের্তো ভিলেলাস ও বারানকুইরাস থেকে প্রায় ১,২০০ থেকে ১,৩০০ বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়েছেন। স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, নদীর পানি নিয়মিত বাড়া-কমার কারণে এই দুর্ভোগ আরও কয়েক মাস চলতে পারে। এছাড়া পার্শ্ববর্তী করিয়েন্তেস প্রদেশে বন্যা থেকে গবাদিপশু রক্ষা করতে গিয়ে পানিতে ডুবে দুই গ্রামীণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সেখানেও এক হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং বাঁধ ভেঙে পাসো দে লা পাত্রিয়া শহরের একাধিক এলাকা প্লাবিত হয়েছে। মিসিওনেস প্রদেশেও ঝড়-বৃষ্টিতে শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সড়ক ও সেতু বন্ধ হয়ে গেছে।

আর্জেন্টিনা ও ব্রাজিল সীমান্তের ইগুয়াজু জলপ্রপাতে নদীর পানিপ্রবাহ স্বাভাবিকের চেয়ে ১০ গুণ বেড়ে গিয়েছিল। পর্যটকদের জন্য কিছু এলাকা উন্মুক্ত করা হলেও জনপ্রিয় অংশ ‘ডেভিলস থ্রোট’ এখনো বন্ধ রাখা হয়েছে। আগামী সপ্তাহে পারানা ও উরুগুয়ে নদী অববাহিকায় আরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। এতে পানি আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। মূলত এল নিনো জলবায়ু পরিস্থিতির প্রভাবে অঞ্চলটিতে এই ভারী বৃষ্টি ও বন্যা দেখা দিয়েছে।