এক্সে সোনিয়া গান্ধীর অভিষেক, জানালেন রাজীবের সঙ্গে প্রথম সাক্ষাতের স্মৃতি
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রথমবারের মতো যুক্ত হয়ে প্রয়াত স্বামী ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়ের স্মৃতি তুলে ধরেছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রথমবারের মতো যুক্ত হয়ে প্রয়াত স্বামী ও সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে পরিচয়ের স্মৃতি তুলে ধরেছেন কংগ্রেস সংসদীয় দলের সভানেত্রী সোনিয়া গান্ধী। ১৯৬৫ সালে ইংল্যান্ডের কেমব্রিজের একটি গ্রিক রেস্তোরাঁয় তাঁদের প্রথম দেখা হয়েছিল। মূলত নিজের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’-এর আনুষ্ঠানিক ঘোষণা দিতেই তিনি প্ল্যাটফর্মটিতে এই স্মৃতিচারণমূলক ভিডিও পোস্ট করেন।
ভিডিওতে তিনি জানান, খাবারের খোঁজে তিনি ‘দ্য ভার্সিটি’ নামের ওই রেস্তোরাঁয় যেতেন। সেখানেই এক বন্ধুর মাধ্যমে রাজীব গান্ধীর সঙ্গে তাঁর পরিচয় হয়। রাজীবের ভদ্র ও সুদর্শন চেহারা এবং উষ্ণ আচরণ প্রথম দেখাতেই তাঁকে আকৃষ্ট করেছিল। ৫৪৪ পৃষ্ঠার এই বইয়ে যুদ্ধোত্তর ইতালিতে সোনিয়া গান্ধীর শৈশব, রাজীবের সঙ্গে পরিচয় ও ভারতে আসার গল্প স্থান পেয়েছে। পাশাপাশি সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর হত্যাকাণ্ড, ব্যক্তিগত শোক এবং রাজনীতিতে তাঁর জড়িয়ে পড়ার ঘটনাও এতে বিস্তারিত তুলে ধরা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ইনস্টাগ্রামেও যুক্ত হন সোনিয়া গান্ধী। সেখানে নিজের বইয়ের প্রথম কপি হাতে পাওয়ার পর মেয়ে ও সংসদ সদস্য প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রকে মিষ্টি খাইয়ে আলিঙ্গন করার একটি ভিডিও প্রকাশ করেন তিনি। আগামী ১০ নভেম্বর বিশ্বব্যাপী আলফ্রেড এ নফ এবং ভারতে হার্পারকলিন্স ইন্ডিয়া থেকে বইটি প্রকাশিত হবে। ইতিমধ্যেই বইটির আগাম ফরমাশ নেওয়া শুরু হয়েছে।