পশ্চিমবঙ্গে খ্রিস্টান পরিবারগুলোর ওপর হামলা: অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে অমিত শাহকে কংগ্রেসের চিঠি
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি খ্রিস্টান পরিবারের ওপর হামলা ও তাদের জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ উঠেছে।
পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় তিনটি খ্রিস্টান পরিবারের ওপর হামলা ও তাদের জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিতে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে অনুরোধ জানিয়েছেন কংগ্রেস সাংসদ কে সি বেনুগোপাল। শনিবার স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এক চিঠিতে কংগ্রেসের সাধারণ সম্পাদক ঘটনাটিকে অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করেন। একইসঙ্গে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
বেনুগোপালের অভিযোগ অনুযায়ী, গত ১৮ থেকে ২০ অক্টোবর দুর্গাপূজার সময় চন্দ্রকোনা থানার পাতলাপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিজেদের ধর্ম ত্যাগ করতে অস্বীকৃতি জানালে ওই পরিবারগুলোর সদস্যদের লাঞ্ছিত ও মারধর করা হয়। এক নারী মাথায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়েন এবং এক ১৫ বছরের কিশোরীকে শ্বাসরোধ করে অপহরণ ও ধর্ষণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ১৯ অক্টোবর পার্শ্ববর্তী ডিঙাল গ্রামের একটি পূজা মণ্ডপে নিয়ে গিয়ে উপস্থিত লোকজনের সামনে তাদের জোর করে অঞ্জলি এবং তথাকথিত শুদ্ধিকরণ আচার করাতে বাধ্য করা হয়। পরবর্তীতে একজন আইনজীবীর হস্তক্ষেপে ২০ অক্টোবর ১৩ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়।
পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী পরিবারের নয়জন সদস্য এ সংক্রান্ত অভিযোগ জমা দিয়েছেন। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং কোনো স্থানীয় বা পারিবারিক বিরোধ রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে চিঠিতে বেনুগোপাল একটি নাগরিক সংস্থার রিপোর্টের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, চলতি বছরের ১৩ মে থেকে ২০ সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গের ১৩টি জেলায় খ্রিস্টানদের নিশানা করে অন্তত ৬০টি ঘটনা নথিভুক্ত হয়েছে। তিনি ভারতীয় সংবিধানের ২৫ অনুচ্ছেদের কথা স্মরণ করিয়ে দিয়ে অপরাধীদের ভারতীয় ন্যায় সংহিতার কঠোর ধারায় দ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানান।