ইতালির মিলানসহ ২১ শহরে পুলিশের ব্যাপক তল্লাশি, বিক্ষোভের আগে নিরাপত্তা জোরদার
গত সপ্তাহের বিক্ষোভে সহিংসতার ঘটনায় তদন্তের অংশ হিসেবে ইতালিতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ।
গত সপ্তাহের বিক্ষোভে সহিংসতার ঘটনায় তদন্তের অংশ হিসেবে ইতালিতে ব্যাপক অভিযান চালিয়েছে দেশটির পুলিশ। শনিবার মিলানসহ ২১টি শহরে দেড় শতাধিক স্থানে এই তল্লাশি চালানো হয়। এসব শহরের বেশিরভাগই লম্বার্দি অঞ্চলে অবস্থিত। বিক্ষোভে জড়িত সন্দেহে এক তরুণের মুঠোফোনে সন্দেহজনক বার্তা পাওয়ার পর পুলিশ এ পদক্ষেপ নেয়। তল্লাশির আওতায় আসা ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয় ও স্কুলের শিক্ষার্থী এবং অপ্রাপ্তবয়স্করা রয়েছে, যাদের বেশিরভাগেরই আগের কোনো অপরাধের রেকর্ড নেই।
এদিকে শনিবারই ইতালিজুড়ে নতুন করে বেশ কয়েকটি বিক্ষোভের সম্ভাবনা রয়েছে। ‘অক্টোবর ১৭ মুভমেন্ট’ নামের একটি সংগঠন শেষ মুহূর্তে তাদের জমায়েত ও প্রতিবাদের স্থান ঘোষণার কথা জানিয়েছে। নতুন করে বিক্ষোভের আশঙ্কায় দেশটির প্রধান শহরগুলোতে ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মিলানের সিটি সেন্টার, পিয়াজা দুওমো এবং গ্যালেরিয়া ভিত্তোরিও ইমানুয়েল দ্বিতীয়সহ গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশ, কারাবিনিয়েরি ও সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে পথচারীদের পরিচয়পত্র যাচাই করা হচ্ছে। এছাড়া সম্ভাব্য সহিংসতা থেকে বাঁচতে মিলান, তুরিন, বোলোগনা ও ফ্লোরেন্সের ঐতিহাসিক এলাকার বহু ব্যবসা প্রতিষ্ঠান ও বিলাসবহুল দোকানের কাচ কাঠের তক্তা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং কিছু দোকান আগেভাগেই বন্ধ রাখা হয়েছে।