ডেইলি বাংলাগ্রাম

রিয়াদে জাতিসংঘের বিশ্ব ডেটা ফোরাম ২০২৭ সাল পর্যন্ত স্থগিত

আগামী নভেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের বিশ্ব ডেটা ফোরাম এবং সৌদি পরিসংখ্যান ফোরাম ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে।

রিয়াদে জাতিসংঘের বিশ্ব ডেটা ফোরাম ২০২৭ সাল পর্যন্ত স্থগিত

আগামী নভেম্বরে সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের বিশ্ব ডেটা ফোরাম এবং সৌদি পরিসংখ্যান ফোরাম ২০২৭ সাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। শুক্রবার সৌদি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানায়। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সম্মেলন দুটি আগামী ৯ থেকে ১২ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

সৌদি জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, জাতিসংঘের পরিসংখ্যান বিভাগের সঙ্গে সমন্বয় করে ফোরাম পেছানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বিশেষজ্ঞ, বক্তা ও অংশীদারদের ব্যাপক অংশগ্রহণ নিশ্চিত করা এবং আয়োজনের মান ধরে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে মূল সম্মেলনের প্রস্তুতি হিসেবে ‘রোড টু রিয়াদ’ সংক্রান্ত কার্যক্রমগুলো চালু থাকবে। আয়োজনের সুনির্দিষ্ট তারিখ পরে জানানো হবে।

গত জুলাই মাস থেকে হুথি বিদ্রোহীদের সঙ্গে সৌদি আরবের নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সময়ে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গেও হুথিদের সংঘাত বৃদ্ধি পেয়েছে। ২০১৪ সালের সেপ্টেম্বর থেকে হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের বিভিন্ন অঞ্চল দখল করে রেখেছে। অন্যদিকে ২০১৫ সালের মার্চ থেকে ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে সেখানে সামরিক জোটের নেতৃত্ব দিচ্ছে সৌদি আরব।