মার্কিন নির্বাচনে প্রার্থীদের এড়িয়ে চলার নির্দেশ কানাডীয় কূটনীতিকদের
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কানাডা।
আসন্ন মার্কিন মধ্যবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলার নির্দেশ দিয়েছে কানাডা। রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ ঘিরে অটোয়া ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েনের মধ্যে দেশটির পররাষ্ট্র বিষয়ক দপ্তর এই নির্দেশনা জারি করে। এতে কর্মকর্তাদের প্রকাশ্য কর্মসূচিতে অংশ নেওয়া এবং নির্বাচনে প্রার্থী হওয়া মার্কিন আইনপ্রণেতাদের সঙ্গে ছবি তোলা সীমিত রাখতে বলা হয়েছে। আগামী ৩ নভেম্বর মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নির্বাচনের সময় যেকোনো দেশে কর্মকর্তাদের এমন সতর্কতা অবলম্বন করা একটি স্বাভাবিক কূটনৈতিক নিয়ম। তবে এই নির্দেশনার পরপরই অটোয়ায় মার্কিন দূতাবাস কানাডার কয়েকজন রাজনৈতিক নেতার বিরুদ্ধে আমেরিকান রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগ তোলে। কানাডীয় কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে এবং অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডও জানান যে তাঁদের সরকার কেবল অর্থনৈতিক বিষয়েই নজর দিচ্ছে। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো কানাডাকে মার্কিন রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন।
এই মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ ও সিনেটের একাংশের নিয়ন্ত্রণ কাদের হাতে থাকবে তা নির্ধারিত হবে। ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে দুই প্রতিবেশী দেশের মধ্যে এমনিতেই ব্যাপক বাণিজ্য দ্বন্দ্ব চলছে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি কর্মীদের সুরক্ষায় নিজস্ব পাল্টা পদক্ষেপকে সমর্থন করেছেন। গত ৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হওয়া কানাডার ওই শুল্ক তালিকায় স্টিল ও অ্যালুমিনিয়ামসহ সাত শতাধিক মার্কিন পণ্য অন্তর্ভুক্ত রয়েছে।