সৌদি যুবরাজের সঙ্গে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁর বৈঠক
সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সৌদি আরবের রাজধানী রিয়াদে দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বুধবার এই দুই শীর্ষ নেতা আনুষ্ঠানিক বৈঠকে মিলিত হন।
এর আগে বুধবারই সৌদি আরবে পৌঁছান ফরাসি প্রেসিডেন্ট। রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান রিয়াদ অঞ্চলের ডেপুটি গভর্নর মোহাম্মদ বিন আবদুল রহমান। সৌদি সফরের মধ্য দিয়ে ম্যাক্রোঁর উপসাগরীয় দেশগুলোর সফর শেষ হলো। এর আগে তিনি কুয়েত, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করেন।
ম্যাক্রোঁর এই সফরের মূল লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি এবং আঞ্চলিক উত্তেজনা কমানোর উদ্যোগ নিয়ে আলোচনা করা। একই সঙ্গে আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা রক্ষা এবং জ্বালানি সরবরাহের স্থিতিশীলতার বিষয়গুলোও এই সফরে গুরুত্ব পেয়েছে।