ডেইলি বাংলাগ্রাম

ভুয়া তথ্য ও প্রতারণার অভিযোগে বুকিং ডটকমের বিরুদ্ধে ইইউর তদন্ত

অনলাইনে ভুয়া তালিকা ও গ্রাহক প্রতারণা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে হোটেল বুকিং প্ল্যাটফর্ম বুকিং ডটকমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

ভুয়া তথ্য ও প্রতারণার অভিযোগে বুকিং ডটকমের বিরুদ্ধে ইইউর তদন্ত

অনলাইনে ভুয়া তালিকা ও গ্রাহক প্রতারণা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে হোটেল বুকিং প্ল্যাটফর্ম বুকিং ডটকমের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় কমিশনের দাবি, গ্রাহকদের আর্থিক জালিয়াতি ও ফিশিং থেকে রক্ষায় প্রতিষ্ঠানটির পদক্ষেপ মানসম্মত ছিল না। এটি জোটের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট বা ডিএসএ-এর সম্ভাব্য লঙ্ঘন হতে পারে। নিয়ম ভাঙার প্রমাণ মিললে আমস্টারডামভিত্তিক প্রতিষ্ঠানটিকে তাদের বৈশ্বিক বার্ষিক আয়ের সর্বোচ্চ ৬ শতাংশ পর্যন্ত জরিমানা করা হতে পারে।

তদন্তে মূলত ভুয়া আবাসন তালিকা এবং বুকিং হাইজ্যাকের মতো প্রতারণাগুলো খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ রয়েছে, প্রতারকেরা তথ্য হ্যাক করে হোটেল কর্তৃপক্ষের ছদ্মবেশে গ্রাহকদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে। অর্থের বিনিময়ে কোনো প্রতিষ্ঠানকে তালিকায় দৃশ্যমান করা হলে তা ব্যবহারকারীদের কাছে স্পষ্টভাবে জানানো হয়েছিল কি না, তাও পরীক্ষা করবে কমিশন। এর আগে যুক্তরাজ্যের ভোক্তা বিষয়ক গবেষকেরা বুকিং ডটকমে ১০ ডাউনিং স্ট্রিটের ভুয়া ঠিকানা যুক্ত করে অর্থ গ্রহণের দুর্বলতা তুলে ধরেন। ডাচ ভোক্তা সংস্থা কনজুমেনটেনবন্ড জানিয়েছে, ২০২৫ সালে বুকিং ডটকম সংশ্লিষ্ট অন্তত ২০০টি জালিয়াতির ঘটনায় গ্রাহকেরা ৬৫ হাজার ইউরো হারিয়েছেন।

ইইউর প্রযুক্তি বিষয়ক কর্মকর্তা হেনা ভিরকুনেন জানিয়েছেন, বড় প্ল্যাটফর্ম হিসেবে বুকিং ডটকমের গ্রাহকদের নিরাপত্তা নিশ্চিত করার স্পষ্ট দায়িত্ব রয়েছে। প্রায় ২ কোটি ৮০ লাখ আবাসন তালিকার এই প্রতিষ্ঠানটি জানিয়েছে, গ্রাহকের নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষা তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তারা সাইবার অপরাধ ও অনলাইন প্রতারণা মোকাবিলায় সরকার এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। কমিশন তদন্ত শুরু করলেও চূড়ান্ত সিদ্ধান্তের বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।