যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ১২ কোটি ৬০ লাখ ডলার ক্ষতির অভিযোগে পাকিস্তানে যুবক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি আর্থিক ক্ষতি করার অভিযোগে পাকিস্তানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের ডাক বিভাগের ১২ কোটি ৬০ লাখ ডলারের বেশি আর্থিক ক্ষতি করার অভিযোগে পাকিস্তানে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির সাইবার অপরাধ তদন্ত সংস্থা গত মঙ্গলবার এই পদক্ষেপ নেয়। গ্রেপ্তার ব্যক্তির নাম ফাহিম আকরাম (৩৩)। মার্কিন কৌঁসুলিদের অভিযোগ, তিনি অনলাইনে জালিয়াতির মাধ্যমে তৈরি পোস্টেজ লেবেল বিক্রি করতেন।
পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সির জ্যেষ্ঠ কর্মকর্তা আতিফ আমির জানান, কয়েক সপ্তাহের অনুসন্ধান ও একাধিক এলাকায় অভিযানের পর আকরামকে ধরা সম্ভব হয়। আকরামের বাড়ি দেশটির পূর্ব পাঞ্জাব প্রদেশের খানেওয়ালে। গত ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের সাউদার্ন ডিস্ট্রিক্ট অব ফ্লোরিডার ফেডারেল গ্র্যান্ড জুরি তাঁর বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে।
তদন্তকারীদের বরাতে জানা যায়, আকরাম ‘লেবেলস ব্যাংক ডটকম’ নামে একটি অবৈধ ওয়েবসাইট পরিচালনা করতেন। তিনি ৫ হাজার ২০০ জনের বেশি ক্রেতার কাছে ৫১ লাখেরও বেশি জাল পোস্টেজ লেবেল বিক্রি করেছিলেন। পার্সেলের আকার, ওজন কিংবা গন্তব্য যা-ই হোক না কেন, প্রতিটি লেবেল মাত্র ২ ডলারে বিক্রি করা হতো। ফলে বৈধ মূল্যের চেয়ে অনেক কম খরচে পণ্য পাঠানো সম্ভব হয়েছিল, যার কারণে মার্কিন ডাক বিভাগ বড় অঙ্কের রাজস্ব হারায়।