প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের চুক্তি
প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান।
প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক সই করেছে তুরস্ক, কাতার, ইন্দোনেশিয়া ও পাকিস্তান। বুধবার কাতারের রাজধানী দোহায় চার দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এই উদ্যোগের নাম দেওয়া হয়েছে ‘বদর’ স্মারক।
চুক্তিতে নিজ নিজ দেশের পক্ষে সই করেন তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের, কাতারের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আবদুর রহমান বিন হাসান আল থানি, ইন্দোনেশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী ইউসুফ জওহরি এবং পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। এ সময় তুরস্কের প্রতিরক্ষা শিল্প প্রেসিডেন্সির প্রধান হালুক গোরগুনও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির মূল লক্ষ্য হলো সামরিক উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং কারিগরি সামরিক প্রশিক্ষণ ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা বাড়ানো। এছাড়া দেশগুলোর সামরিক সক্ষমতা একত্রিত করে প্রতিরক্ষা শিল্পকে আরও শক্তিশালী করা হবে। এর ফলে নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি নিজেদের ও মিত্র দেশগুলোর সামরিক চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানানো হয়েছে।