সুদান ও দক্ষিণ সুদানের বিতর্কিত আবেইতে বাজারে ড্রোন হামলায় নিহত বেড়ে ১৫৩
সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিতর্কিত আবেই অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে পৌঁছেছে।
সুদান ও দক্ষিণ সুদানের মধ্যবর্তী বিতর্কিত আবেই অঞ্চলের একটি বাজারে ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৫৩ জনে পৌঁছেছে। বুধবার দক্ষিণ সুদান সরকারের এক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। গত সোমবার আবেই শহর থেকে প্রায় ১০ কিলোমিটার উত্তরে অবস্থিত আমিয়েত বাজারে এই হামলা চালানো হয়, যা স্থানীয়ভাবে ‘উটপাখি বাজার’ নামেও পরিচিত। এখনও অনেকে নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আবেই বিশেষ প্রশাসনিক অঞ্চলের ভারপ্রাপ্ত তথ্যমন্ত্রী ইয়োহানা আকোল এনগোর এই হামলার জন্য সুদানের সেনাবাহিনীকে অভিযুক্ত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ বাজারের পূর্ব পাশের দুটি গণকবরে দাফন করা হয়েছে এবং হামলায় বেশ কিছু মরদেহ মারাত্মকভাবে পুড়ে গেছে। এছাড়া আহত অন্তত ৩০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। হতাহতদের মধ্যে দক্ষিণ সুদানের নাগরিক ছাড়াও সুদানের মিসেরিয়া জনগোষ্ঠীর মানুষ রয়েছেন। এ ঘটনার প্রতিবাদে দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুদানের রাষ্ট্রদূত ইসাম কারারকে তলব করেছে।
তেলসমৃদ্ধ আবেই অঞ্চলটি দুই দেশের সীমান্ত সংযোগস্থল হিসেবে বিবেচিত। ২০০৩ সালের ২৫ সেপ্টেম্বর স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে অঞ্চলটিকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল। এর উত্তরাঞ্চলে আরব মিসেরিয়া এবং দক্ষিণাঞ্চলে আফ্রিকান দিনকা জনগোষ্ঠীর বসবাস। ২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী ও আধাসামরিক বাহিনী আরএসএফের মধ্যে চলমান গৃহযুদ্ধের মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।