গাজার পরিস্থিতি শোচনীয়, রোগীদের দ্রুত বিদেশে স্থানান্তরের আহ্বান রেড ক্রসের
গাজা উপত্যকার মানবিক পরিস্থিতিকে ‘মর্ত্যের নরক’ বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)।
গাজা উপত্যকার মানবিক পরিস্থিতিকে ‘মর্ত্যের নরক’ বলে আখ্যায়িত করেছে আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। সংস্থাটি জানিয়েছে, সেখানে মানুষের দুর্দশা চরম রূপ নিয়েছে। এমন পরিস্থিতিতে গাজার সংকটাপন্ন রোগীদের প্রয়োজনীয় উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে বিদেশে স্থানান্তরের সুযোগ দিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক পিয়েরে ক্রাহেনবুল। একই সঙ্গে তিনি মানবিক সহায়তার পরিমাণ আরও বাড়ানোর তাগিদ দেন।
মঙ্গলবার দেওয়া বক্তব্যে ক্রাহেনবুল জানান, গাজার সাধারণ মানুষ দীর্ঘ সময় ধরে নিরাপদ আশ্রয়, সুপেয় পানি ও জরুরি চিকিৎসার তীব্র সংকটের মধ্যে দিন কাটাচ্ছেন। বহু পরিবার অত্যন্ত প্রতিকূল পরিবেশে তাঁবুতে বাস করছে। সেখানে তাদের ভবিষ্যৎ এবং নিরাপত্তা পুরোপুরি অনিশ্চিত। এছাড়া ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে নিখোঁজ থাকা স্বজনদের পরিণতি জানতে না পেরে অনেক পরিবার চরম উদ্বেগে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
রেড ক্রসের প্রধান জানান, গাজায় তাদের ফিল্ড হাসপাতাল থেকে প্রসূতি সেবাসহ জীবনরক্ষাকারী বিভিন্ন চিকিৎসা কার্যক্রম চালানো হচ্ছে। পাশাপাশি পানি সরবরাহ ব্যবস্থা মেরামতেও কাজ করছে সংস্থাটি। তবে তিনি সতর্ক করে বলেন, মানবিক সংস্থাগুলোর পক্ষে বিদ্যমান বিপুল চাহিদার সামান্য অংশই পূরণ করা সম্ভব। শুধু ত্রাণ দিয়ে এই দীর্ঘমেয়াদি সংকট দূর করা যাবে না। তাই রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের পাশাপাশি যেসব রোগীর বিশেষ চিকিৎসা প্রয়োজন, তাদের গাজার বাইরে যাওয়ার অনুমতি দিতে হবে।