পুলিশ কর্মকর্তার বাড়িতে ৮৪ জন আটকের ঘটনায় জামায়াত আমিরের কড়া সমালোচনা
পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়ি থেকে ৮৪ জন আটক ও মাদক উদ্ধারের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
পুলিশের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া বাড়ি থেকে ৮৪ জন আটক ও মাদক উদ্ধারের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় বিরোধীদলীয় এই নেতা ঘটনার কঠোর সমালোচনা করেন।
ডিবি পুলিশের ওই অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ ৮৪ জন নারী-পুরুষকে আটক করা হয়। এ প্রসঙ্গে জামায়াত আমির বলেন, একজন শীর্ষ পুলিশ কর্মকর্তার বাড়িতে এমন অসামাজিক কর্মকাণ্ড চলার ঘটনা প্রমাণ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ হয়েছে। তিনি অভিযোগ করেন, দেশজুড়ে এখন অপরাধমূলক কর্মকাণ্ডের পাশাপাশি চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতি আশঙ্কাজনক রূপ নিয়েছে।
ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, পুলিশের দায়িত্বশীল ব্যক্তির ভবনে এমন ঘটনায় জনগণের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। নিত্যপণ্যের বাড়তি দাম এবং গ্যাস-বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষ কষ্টে রয়েছে। এসব দুর্ভোগ দূর না করে সরকার বিরোধীদের চরিত্র হননে লিপ্ত রয়েছে বলে তিনি অভিযোগ তোলেন। একই সঙ্গে চলমান পরিস্থিতি বদলাতে তরুণ সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।