নাইজেরিয়ায় উগান্ডাফেরত নারীর দেহে ইবোলা শনাক্ত
নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক নারীর শরীরে প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে।
নাইজেরিয়ার রাজধানী আবুজায় এক নারীর শরীরে প্রাণঘাতী ইবোলা ভাইরাস শনাক্ত হয়েছে। ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে সংক্রমণ নিশ্চিত হওয়ার পর মঙ্গলবার দেশটির সরকার এই তথ্য জানায়। আক্রান্ত ওই নারী সম্প্রতি পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা থেকে নাইজেরিয়ায় এসেছেন।
নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী মুহাম্মদ আলী পাতে জানান, রোগীকে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর সংস্পর্শে আসা ৪৪ জনকে শনাক্ত করা হয়েছে এবং নজরদারি কার্যক্রম চলছে। রোগ নিশ্চিত হওয়ার আগে তিনি কয়েক দিন আবুজায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। এদিকে উগান্ডার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ওই নারী ব্যবসার কাজে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো গিয়েছিলেন। অক্টোবরের শুরুতে কোনো উপসর্গ ছাড়াই তিনি উগান্ডা ট্রানজিট নিয়ে নাইজেরিয়া পৌঁছান। উগান্ডায় বর্তমানে সক্রিয় কোনো ইবোলা রোগী নেই বলেও জানানো হয়।
গত মে মাসের মাঝামাঝি কঙ্গোয় বিরল 'বুন্দিবুগিও' ধরনের ইবোলার সংক্রমণ শুরু হয়, যা বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাদুর্ভাবে রূপ নিয়েছে। কেনিয়াতেও চলতি মাসে কঙ্গোফেরত এক ব্যক্তির মাধ্যমে নয়জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়। আফ্রিকার শীর্ষ জনস্বাস্থ্য সংস্থার প্রধান জিন কাসেয়া জানান, ভৌগোলিক বিস্তৃতির দিক থেকে এটি এই ধরনের ইবোলার ইতিহাসে সবচেয়ে বড় সংক্রমণ। পরিস্থিতি মোকাবিলায় নাইজেরিয়াকে সহায়তা দেওয়ার কাজ শুরু হয়েছে।