হরমুজের দক্ষিণে মাইন বিস্ফোরণে দুটি ট্যাংকারে আগুন, দাবি ইরানের
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ইরানের পেতে রাখা মাইনের আঘাতে দুটি ট্যাংকারে আগুন ধরে গেছে এবং সেগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে।
হরমুজ প্রণালির দক্ষিণ অংশে ইরানের পেতে রাখা মাইনের আঘাতে দুটি ট্যাংকারে আগুন ধরে গেছে এবং সেগুলোর চলাচল বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার দেশটির বিপ্লবী গার্ডস বা আইআরজিসির নৌবাহিনী এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। তবে ঘটনাটি ঠিক কখন ঘটেছে, তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি। পাশাপাশি সোমবার রাতে একটি মার্কিন ড্রোন ভূপাতিত করার কথাও জানিয়েছে বাহিনীটি।
হরমুজ প্রণালির ভবিষ্যৎসহ নানা বিষয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কূটনৈতিক আলোচনা বর্তমানে থমকে রয়েছে। সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করে বলেন, এই জলসীমায় নিরাপত্তাহীনতার জন্য ওয়াশিংটনই দায়ী। আন্তর্জাতিক জ্বালানি পরিবহনের জন্য প্রণালিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ইরান এটি অবরুদ্ধ করার চেষ্টা করছে।
যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে পাকিস্তান, যদিও এসব চেষ্টা এখন পর্যন্ত সফল হয়নি। গত জুন মাসে দেশটি একটি স্বল্পমেয়াদী সমঝোতা স্মারক স্বাক্ষরে সহযোগিতা করেছিল। তেহরান এখনো জোর দিয়ে বলছে, যেকোনো শান্তি চুক্তির ভিত্তি হতে হবে সেই সমঝোতা স্মারকটিকেই।