জার্মানিতে ১৬ বিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগের ঘোষণা অ্যামাজনের
জার্মানিতে ২০২৭ সালে ১ হাজার ৬০০ কোটি বা ১৬ বিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে অ্যামাজন, যা প্রায় ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের সমান।
জার্মানিতে ২০২৭ সালে ১ হাজার ৬০০ কোটি বা ১৬ বিলিয়ন ইউরোর বেশি বিনিয়োগের পরিকল্পনা করেছে অ্যামাজন, যা প্রায় ১ হাজার ৮০০ কোটি মার্কিন ডলারের সমান। মঙ্গলবার বার্লিনে অনুষ্ঠিত ‘ইনভেস্ট ইন জার্মানি সামিট’-এ প্রযুক্তি প্রতিষ্ঠানটি এই ঘোষণা দেয়। ক্লাউড কম্পিউটিং, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্যাটেলাইট ইন্টারনেট এবং মিডিয়া ব্যবসার পরিধি বাড়াতে এই অর্থ ব্যয় করা হবে। ইউরোপজুড়ে এআই প্রযুক্তির চাহিদা ও প্রযুক্তি খাতের প্রতিযোগিতার মুখে নিজেদের উপস্থিতি জোরদার করতেই এই উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি।
এই বিনিয়োগের বড় একটি অংশ ব্যয় হবে প্রযুক্তিগত উন্নয়নে। এর মধ্যে ফ্রাঙ্কফুর্টে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের (এডব্লিউএস) ক্লাউড অঞ্চল ও এআই অবকাঠামো সম্প্রসারণে ৪৮০ কোটি ইউরো খরচ করা হবে। একই সঙ্গে নতুন লজিস্টিকস প্রকল্পের মাধ্যমে ৩ হাজারের বেশি কর্মসংস্থান সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া বার্লিনে দ্বিতীয় রোবোটিক্স ও এআই গবেষণা ল্যাব স্থাপন, ‘অ্যামাজন লিও’ স্যাটেলাইট ইন্টারনেট নেটওয়ার্ক উন্নয়ন এবং প্রাইম ভিডিওর নতুন কনটেন্ট তৈরিতে এই অর্থ ব্যয় হবে।
২০১০ সাল থেকে এখন পর্যন্ত জার্মানিতে ১০ হাজার কোটি ইউরোর বেশি বিনিয়োগ করেছে অ্যামাজন। এর আগে ২০২৪ সালের জুনেও প্রতিষ্ঠানটি দেশটিতে ১ হাজার কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছিল। সেই তহবিলের ৮৮০ কোটি ইউরো এডব্লিউএস ডেটা সেন্টারের জন্য বরাদ্দ রাখা হয়েছিল। নতুন এই বিনিয়োগের মাধ্যমে জার্মানিতে নিজেদের অবস্থান আরও সুসংহত করতে চায় এই ই-কমার্স জায়ান্ট।