ডেইলি বাংলাগ্রাম

ওপেনএআই-তে আড়িপাতার যন্ত্র বসানোর অভিযোগ: সৌদি সংযোগ থাকায় সাবেক কর্মীর জামিন নামঞ্জুর

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই-এর পর্ষদ কক্ষে আড়িপাতার যন্ত্র বসানোর অভিযোগে সাবেক প্রকৌশলী আব্দুর রহমান আলফোজানের জামিন নামঞ্জুর করেছেন মার্কিন আদালত।

ওপেনএআই-তে আড়িপাতার যন্ত্র বসানোর অভিযোগ: সৌদি সংযোগ থাকায় সাবেক কর্মীর জামিন নামঞ্জুর

কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণা প্রতিষ্ঠান ওপেনএআই-এর পর্ষদ কক্ষে আড়িপাতার যন্ত্র বসানোর অভিযোগে সাবেক প্রকৌশলী আব্দুর রহমান আলফোজানের জামিন নামঞ্জুর করেছেন মার্কিন আদালত। ক্যালিফোর্নিয়ার সরকারি কৌঁসুলিদের আবেদনের প্রেক্ষিতে গত সোমবার ইউএস ম্যাজিস্ট্রেট বিচারক অ্যালেক্স জি সে ৩৫ বছর বয়সী এই সৌদি নাগরিককে বিচার চলাকালীন আটক রাখার নির্দেশ দেন। কৌঁসুলিদের অভিযোগ, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের বৈধ অনুমতিপ্রাপ্ত আলফোজানের পেছনে একটি বিদেশি সরকারের বড় ধরনের সমর্থন রয়েছে।

আদালতের নথি অনুযায়ী, ২০২৫ ও ২০২৬ সাল জুড়ে সৌদি রাজপরিবারের এক অজ্ঞাত সদস্যের সঙ্গে নিয়মিত বার্তা আদান-প্রদান করতেন আলফোজান। সৌদি আরবের একটি জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকল্পে তাকে যুক্ত করা হয়েছিল। তাকে বলা হয়েছিল যে আমেরিকার চেয়ে সৌদি আরবে তাকে বেশি প্রয়োজন। সরকারি আইনজীবীরা আদালতে যুক্তি দেন, আলফোজানের এই অপরাধমূলক কর্মকাণ্ড সিলিকন ভ্যালির প্রযুক্তিগত উদ্ভাবন এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। ওয়াশিংটনের সঙ্গে সৌদি আরবের কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি নেই।

গত ৯ অক্টোবর আলফোজানকে গ্রেফতার করা হয়। নথিপত্রে উল্লেখ করা হয়, গ্রেফতারের পরপরই সৌদি সরকার তার স্ত্রী ও শিশুপুত্রের জন্য একমুখী বিমানের টিকিটের অর্থ পরিশোধের ব্যবস্থা করে। সেই পরিকল্পনা ভেস্তে গেলে সৌদি সামরিক বাহিনীর এক সদস্য তাদের জন্য কাতারের দোহার বিজনেস ক্লাসের টিকিট কেনেন। ফলে আলফোজান গ্রেফতার হওয়ার ৩৬ ঘণ্টার মধ্যেই তারা যুক্তরাষ্ট্র ত্যাগ করেন। মার্কিন বিচার বিভাগের এসব অভিযোগের বিষয়ে সৌদি কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।