ইউক্রেন থেকে কূটনীতিকদের একটি অংশ ফিরিয়ে নিচ্ছে দক্ষিণ কোরিয়া
ইউক্রেন দূতাবাস থেকে নিজেদের কিছু কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া।
ইউক্রেন দূতাবাস থেকে নিজেদের কিছু কূটনৈতিক কর্মকর্তা ও কর্মচারীকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার এই পদক্ষেপের কথা জানানো হয়। আটক দুই উত্তর কোরীয় সেনাকে সিউলে হস্তান্তর নিয়ে কিয়েভের সঙ্গে মতবিরোধ এবং নিরাপত্তা ঝুঁকির মুখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে উদ্ভূত কূটনৈতিক উত্তেজনার জেরে গত ৮ অক্টোবর ইউক্রেনে নিযুক্ত রাষ্ট্রদূত পার্ক কি-চ্যাংকে ডেকে পাঠায় সিউল।
গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেখানে তিনি জানান, যুদ্ধে আটক দুই উত্তর কোরীয় সেনাকে দক্ষিণ কোরিয়ার কাছে হস্তান্তর করা হয়েছে। সিউলের অভিযোগ, এই তথ্য প্রকাশ করে দুই দেশের মধ্যকার গোপনীয়তার চুক্তি ভেঙেছে ইউক্রেন। বন্দীদের নিরাপত্তা ও উত্তর কোরিয়ায় থাকা তাদের পরিবারের সুরক্ষার স্বার্থেই বিষয়টি গোপন রাখার কথা ছিল। তবে ইউক্রেনীয় কর্তৃপক্ষ এমন কোনো চুক্তির কথা অস্বীকার করেছে। পশ্চিমা ও দক্ষিণ কোরীয় গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষে অংশ নিতে হাজার হাজার সেনা মোতায়েন করেছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পার্ক দু-সান জানান, ইউক্রেনজুড়ে নিয়মিত বিমান হামলার ঝুঁকি রয়েছে। রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনার পরও ইউক্রেন কোনো কার্যকর উদ্যোগ নেয়নি। তাই কর্মীদের সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি জানান, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের মাধ্যমে কূটনৈতিক আলোচনা সচল থাকবে। এছাড়া ইউক্রেনে থাকা দক্ষিণ কোরীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কনস্যুলার শাখার সকল কর্মী সেখানে দায়িত্ব পালন করে যাবেন।