ডেইলি বাংলাগ্রাম

সরকারি সংস্থায় চীনা এআই ডিপসিক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোতে চীনা স্টার্টআপ ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।

সরকারি সংস্থায় চীনা এআই ডিপসিক নিষিদ্ধ করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোতে চীনা স্টার্টআপ ডিপসিকের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সোমবার দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এই সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপসিকের তৈরি সব ধরনের পণ্য এবং এই প্রযুক্তির মাধ্যমে তৃতীয় পক্ষের তৈরি এআই সেবাগুলো সরকারি আইটি ডিভাইস থেকে দ্রুত মুছে ফেলতে হবে। বেসামরিক সংস্থাগুলোর ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষের মতে, ডিপসিকের এআই মডেলগুলো বিভিন্ন দিক থেকে সাইবার নিরাপত্তার জন্য বড় হুমকি। মার্কিন সরকারি কর্মী বা ঠিকাদাররা এটি ব্যবহার করলে সংবেদনশীল তথ্য চীনে পাচার হওয়ার আশঙ্কা রয়েছে। প্রতিষ্ঠানটির সার্ভার চীনে অবস্থিত হওয়ায় দেশটির আইন অনুযায়ী সেখানকার সরকার যেকোনো বেসরকারি প্রতিষ্ঠানের তথ্যে সহজে নজরদারি চালাতে পারে। এছাড়া শীর্ষ মার্কিন প্রতিদ্বন্দ্বীদের তৈরি উন্নত মডেলগুলোর সক্ষমতা পরিকল্পিতভাবে চুরির অভিযোগও রয়েছে চীনা এআই প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে।

২০২৫ সালের জানুয়ারি মাসে সাশ্রয়ী ও উচ্চ ক্ষমতাসম্পন্ন চ্যাটবট উন্মোচন করে প্রযুক্তি বিশ্বে আলোড়ন তোলে চীনের অন্যতম শীর্ষ এই ল্যাব। এরপর গত এপ্রিল মাসে তারা বহুল প্রতীক্ষিত 'ভিফোর' মডেল বাজারে আনে এবং চলতি মাসে এর একটি দ্রুতগতির হালকা সংস্করণ প্রকাশ করে। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে তীব্র প্রতিযোগিতার মধ্যেও গত সেপ্টেম্বর মাসে দুই দেশ এআই সংক্রান্ত জরুরি যোগাযোগের একটি মাধ্যম তৈরিতে সম্মত হয়। আগামী মাসে চীনের শেনজেন শহরে অনুষ্ঠেয় শীর্ষ সম্মেলনে দুই দেশের নেতাদের বৈঠকে বিষয়টি আবারও গুরুত্ব পেতে পারে।