লাভরভের সাথে ইরানের প্রেসিডেন্টের বৈঠক: দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের তাগিদ
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে বৈঠক করেছেন।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সাথে বৈঠক করেছেন। বৈঠকে তেহরান ও মস্কোর মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক পর্যালোচনা এবং সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়ে আলোচনা হয়। পেজেশকিয়ান বলেন, আঞ্চলিক ও আন্তর্জাতিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে শান্তি, টেকসই নিরাপত্তা এবং একটি বহুপাক্ষিক বিশ্বব্যবস্থা প্রতিষ্ঠায় উভয় দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তাঁর সাম্প্রতিক যোগাযোগের কথা উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, তাঁর আসন্ন মস্কো সফর পূর্বে হওয়া চুক্তিগুলো বাস্তবায়নে সহায়ক হবে।
সাম্প্রতিক যুদ্ধের সময় রাশিয়ার ইতিবাচক অবস্থান ও সমর্থনের জন্য পেজেশকিয়ান দেশটির প্রেসিডেন্ট, সরকার এবং জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি উভয় দেশের অভিন্ন স্বার্থ রক্ষায় রাজনৈতিক ও কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ওপর জোর দেন। একই সাথে মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক গড়ে তোলার কথা উল্লেখ করে তিনি বলেন, আঞ্চলিক দেশগুলোর সাথে ইরানের কোনো মৌলিক মতবিরোধ নেই। আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব।
অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট জানান, বিদেশি সেনাঘাঁটি কোনো সুফল আনেনি, বরং উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বাড়িয়েছে। মার্কিন হস্তক্ষেপের কারণেই অঞ্চলে বিভেদ তৈরি হয়েছে বলে তিনি মন্তব্য করেন। টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক আস্থা এবং অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে যৌথ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান পেজেশকিয়ান।