ডেইলি বাংলাগ্রাম

বিদেশি সেনা ছাড়া আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগে সমর্থন জানাল ইরান

বিদেশি শক্তির উপস্থিতি বা হস্তক্ষেপ ছাড়া নেওয়া যেকোনো আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগকে ইরান স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

বিদেশি সেনা ছাড়া আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগে সমর্থন জানাল ইরান

বিদেশি শক্তির উপস্থিতি বা হস্তক্ষেপ ছাড়া নেওয়া যেকোনো আঞ্চলিক নিরাপত্তা উদ্যোগকে ইরান স্বাগত জানায় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। সোমবার তেহরানে সফররত রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান। আরাগচি বলেন, মধ্যপ্রাচ্যের দেশগুলোর নিজস্ব সক্ষমতা ও সম্মিলিত প্রচেষ্টায় নিরাপত্তা নিশ্চিত করার যেকোনো পদক্ষেপকে তেহরান ইতিবাচক হিসেবে বিবেচনা করে।

সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি এটি স্পষ্ট করেছে যে অঞ্চলে মার্কিন ঘাঁটি কিংবা বিদেশি সেনাদের উপস্থিতি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। উল্টো এটি নিরাপত্তার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই নিজেদের স্বার্থ রক্ষায় অংশীদারত্বমূলক একটি নিরাপত্তা কাঠামো তৈরিতে ইরান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে। বৈঠকে লাভরভের সঙ্গে কাস্পিয়ান সাগর এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে বলে তিনি জানান।

যুক্তরাষ্ট্রের একতরফা নীতির বিরুদ্ধে মস্কো ও তেহরানের অবস্থান অভিন্ন উল্লেখ করে আরাগচি আন্তর্জাতিক ফোরামে একসঙ্গে কাজ করার প্রত্যয় জানান। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়া তাদের দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধি করেছে। এর অংশ হিসেবে ২০২৫ সালের শুরুর দিকে মস্কোতে ২০ বছর মেয়াদি কৌশলগত অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান ও ভ্লাদিমির পুতিন। এ চুক্তির আওতায় প্রতিরক্ষা, জ্বালানি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে দুই দেশের সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত হয়।