ডেইলি বাংলাগ্রাম

ফ্রান্সে সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করে সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের

ফ্রান্সে চলমান ব্যাপক সহিংসতার পেছনে দেশটির অভিবাসন নীতি দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সে সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করে সীমান্ত বন্ধের আহ্বান ট্রাম্পের

ফ্রান্সে চলমান ব্যাপক সহিংসতার পেছনে দেশটির অভিবাসন নীতি দায়ী বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরিস্থিতি নিয়ন্ত্রণে অবিলম্বে দেশটির আন্তর্জাতিক সীমান্ত বন্ধের তাগিদ দিয়েছেন তিনি। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, অভিবাসীরা ফ্রান্স দখল করে নিয়েছে এবং তাদের উচিত দ্রুত সীমান্ত সিল করে দেওয়া। এর আগে রবিবার তিনি বলেন, অভিবাসন এক সময়ের মহান এই দেশটিকে ধ্বংস করে দিয়েছে। দেরি হওয়ার আগেই ফ্রান্সের উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়া।

শিক্ষক সংকট ও শিক্ষাখাতে বাজেটের ঘাটতি নিয়ে গত সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে শিক্ষার্থীদের হাত ধরে ফ্রান্সে এই আন্দোলনের সূচনা হয়। পরে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে দেশজুড়ে শ্রমিক ইউনিয়নগুলো ধর্মঘট শুরু করলে তা বৃহৎ রূপ নেয়। গত সাপ্তাহিক ছুটিতে সহিংসতা মারাত্মক আকার ধারণ করে এবং লিমোজের ঐতিহাসিক টাউন হলসহ বহু ভবনে আগুন দেওয়া হয়। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এসব ঘটনায় প্রায় এক হাজার নিরাপত্তাকর্মী আহত হয়েছেন। এছাড়া সপ্তাহান্তে ২ হাজার ৩৩০ জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে বলে সোমবার জানান বিচারমন্ত্রী জেরাল্ড দারমানিন।

সহিংসতার বিষয়ে রবিবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি উগ্র বামপন্থী ও অপরাধীদের দ্বারা সংঘটিত এই লাগামহীন তাণ্ডবের কড়া নিন্দা জানান। তবে সাধারণ বিক্ষোভকারীদের বৈধ দাবির সঙ্গে এই সন্ত্রাসীদের আলাদা রাখার ওপর তিনি জোর দেন। এদিকে লুটপাট ও নতুন করে দাঙ্গা ঠেকাতে স্থানীয় পর্যায়ে কারফিউ জারির জন্য আঞ্চলিক প্রশাসনকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকরনু।