জার্মানির শিল্প খাতে সাত বছরে প্রায় ৫ লাখ কর্মসংস্থান হ্রাস
২০১৮ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত জার্মানির শিল্প খাতে প্রায় পাঁচ লাখ চাকরি হারিয়েছে।
২০১৮ সালের শেষ দিক থেকে ২০২৫ সালের শেষ পর্যন্ত জার্মানির শিল্প খাতে প্রায় পাঁচ লাখ চাকরি হারিয়েছে। মিউনিখভিত্তিক ইফো ইনস্টিটিউটের ড্রেসডেন শাখার এক গবেষণায় এই তথ্য জানানো হয়েছে। এই সাত বছরে দেশটিতে সামাজিক নিরাপত্তা সুবিধার আওতাভুক্ত শিল্প খাতের কর্মসংস্থান ৪ লাখ ৯৬ হাজার বা ৭ দশমিক ১ শতাংশ কমেছে। তবে একই সময়ে সনাতন উৎপাদন খাত সংকুচিত হলেও দেশটির সেবা খাতে ২২ লাখেরও বেশি নতুন কর্মসংস্থান যুক্ত হয়েছে।
গবেষণার তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হয়েছে গাড়ি শিল্প ও এর সহযোগী যন্ত্রাংশ প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোতে। এই খাতে মোট ১ লাখ ২৩ হাজার ৫০০ জন বা ১৩ শতাংশ কর্মী চাকরি হারিয়েছেন। এছাড়া ধাতব পণ্য উৎপাদন খাতে ১ লাখ ১৫ হাজার ৬০০ এবং যন্ত্র প্রকৌশল খাতে ৬৪ হাজার ৫০০ কর্মসংস্থান কমেছে। শিল্প খাতে মোট চাকরি হারানোর প্রায় ৬০ শতাংশই ঘটেছে এই তিনটি শিল্পে। ইফো ড্রেসডেনের উপব্যবস্থাপনা পরিচালক জোয়াচিম রাগনিৎস বলেন, জার্মানি বর্তমানে গভীর কাঠামোগত পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির সমৃদ্ধির মূল ভিত্তি হিসেবে পরিচিত ঐতিহ্যবাহী খাতগুলো ক্রমশ পিছিয়ে পড়ছে। উৎপাদনশীল ও উদ্ভাবনী খাতের বাইরে কর্মসংস্থান বাড়ার কারণে দেশটির ভবিষ্যৎ অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা দুর্বল হতে পারে বলেও তিনি সতর্ক করেন।
অন্যদিকে বয়োবৃদ্ধ জনসংখ্যার চাহিদার কারণে স্বাস্থ্য খাতে ৩ লাখ ৯১ হাজার এবং বৃদ্ধাশ্রমসহ সামাজিক সেবা খাতে ৩ লাখ ৫৭ হাজার পদ তৈরি হয়েছে। এছাড়া সরকারি প্রশাসনে ৩ লাখ ২৯ হাজার নতুন কর্মী যুক্ত হয়েছে এবং বেসরকারি খাতে সবচেয়ে বেশি প্রবৃদ্ধি হয়েছে আইটি সেক্টরে। প্রতিবেদনে দেখা যায়, কারিগরি যোগ্যতাসম্পন্ন কর্মী ২ লাখ ৫২ হাজার কমলেও বিশ্ববিদ্যালয় ডিগ্রিধারীদের কর্মসংস্থান বেড়েছে ১৮ লাখ। হ্যামবার্গ ছাড়া জার্মানির প্রায় সব রাজ্যেই শিল্প খাতের কর্মসংস্থান কমেছে, যার মধ্যে পূর্ব জার্মানিতে এই হার ৮ দশমিক ৪ শতাংশ এবং পশ্চিম জার্মানিতে ৬ দশমিক ৮ শতাংশ। ফেডারেল এমপ্লয়মেন্ট এজেন্সির তথ্যের ভিত্তিতে এই গবেষণা তৈরি করা হয়। তবে এতে আত্মকর্মসংস্থানকারী, স্থায়ী সরকারি কর্মকর্তা ও খণ্ডকালীন কর্মীদের হিসাব অন্তর্ভুক্ত করা হয়নি।