সিনাইয়ে ড্রোন বিধ্বংসী নতুন লেজার ব্যবস্থা আনল মিসর
মিসরের সিনাই উপদ্বীপে পরিচালিত এক সামরিক মহড়ায় ড্রোন প্রতিহত করার উপযোগী একটি নতুন লেজার ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে।
মিসরের সিনাই উপদ্বীপে পরিচালিত এক সামরিক মহড়ায় ড্রোন প্রতিহত করার উপযোগী একটি নতুন লেজার ব্যবস্থা প্রদর্শন করা হয়েছে। মিসরীয় সেনাবাহিনীর দ্বিতীয় ফিল্ড আর্মির সরাসরি গুলিবর্ষণ মহড়ায় এই প্রযুক্তি প্রকাশ্যে আনা হয়। নতুন এই ব্যবস্থার নাম দেওয়া হয়েছে ‘ইজিওয়াই-এইচইএল ০১’ (EGY-HEL 01)। নামটির পূর্ণ রূপ হতে পারে ‘মিসরীয় হাই-এনার্জি লেজার, সংস্করণ এক’।
এই প্রতিরক্ষা ব্যবস্থাটি মূলত চালকবিহীন বিমান বা ড্রোন এবং ছোট আকারের সামরিক লক্ষ্যবস্তুকে স্বল্প পাল্লায় প্রতিহত করতে তৈরি করা হয়েছে। এটি পিকআপ ট্রাক বা হালকা সামরিক যানে স্থাপনযোগ্য। ফলে এটি খুব দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে। যুদ্ধক্ষেত্রে পদাতিক বাহিনীর পাশাপাশি কাজ করে নিচু দিয়ে আসা যেকোনো আকাশপথের হুমকি থেকে এটি সুরক্ষা দেবে।
নতুন এই ব্যবস্থাটি মিসরের সেনাবাহিনীর নিজস্ব প্রযুক্তিগত গবেষণা কেন্দ্রে তৈরি করা হয়েছে বলে জানা গেছে। এটি ব্যবহারে প্রতিরক্ষা ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে। কম খরচের ড্রোন বা লক্ষ্যবস্তু ধ্বংস করতে ব্যয়বহুল ক্ষেপণাস্ত্রের প্রয়োজন হবে না। ফলে প্রচলিত গোলাবারুদের মজুত সংরক্ষণ করা সহজ হবে।