ডেইলি বাংলাগ্রাম

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংকে নিয়ে বৈঠকের প্রস্তাব পুতিনের

ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প ও শি জিনপিংকে নিয়ে বৈঠকের প্রস্তাব পুতিনের

ইউক্রেন সংঘাত অবসানের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে একটি ত্রিপক্ষীয় শীর্ষ বৈঠকের প্রস্তাব দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। চার বছর ধরে চলা এই যুদ্ধ মস্কোর অনুকূলে বন্ধ করার বিষয়ে আলোচনার জন্য আগামী মাসে এই বৈঠক আয়োজনের কথা বলা হয়েছে। আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনঝেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে এই আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছে ক্রেমলিন।

গত ৯ অক্টোবর ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে পুতিন এই প্রস্তাব দেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বৈঠকের সম্ভাব্যতা নিয়ে আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সম্ভাব্য বৈঠক বা এর কার্যসূচি নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি, তবে তিন পক্ষই এমন আলোচনার সম্ভাবনা স্বীকার করেছে। এদিকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প এখনো এই শীর্ষ বৈঠকে সম্মতি দেননি, তবে তিনি প্রস্তাবটি ইতিবাচকভাবে দেখতে পারেন।

সম্প্রতি ওয়াশিংটন ও মস্কোর মধ্যে সম্পর্কের কিছুটা উষ্ণতা দেখা গেছে। রাশিয়া থেকে ডিজেল কেনার চুক্তি ঘোষণা করেছেন ট্রাম্প এবং দেশটির ওপর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশেও স্বাক্ষর করেছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ট্রাম্পের এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি সতর্ক করে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও জ্বালানি চুক্তির ফলে পুতিন আরও উৎসাহিত হবেন এবং চলমান যুদ্ধ দীর্ঘায়িত হবে।