জনকল্যাণ তহবিলে ৫ শতাংশ শেয়ার দিচ্ছে অ্যানথ্রপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক একটি নতুন জনকল্যাণমূলক তহবিলে তাদের পাঁচ শতাংশ শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক একটি নতুন জনকল্যাণমূলক তহবিলে তাদের পাঁচ শতাংশ শেয়ার দেওয়ার ঘোষণা দিয়েছে। রোববার প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্তের কথা জানায়। ভবিষ্যতে শেয়ারের দর বাড়লে এই তহবিলের আর্থিক মূল্যও বৃদ্ধি পাবে। নতুন এই ঘোষণার পর অ্যানথ্রপিকের মোট শেয়ারের প্রায় ২০ শতাংশ এখন জনকল্যাণমূলক কাজের জন্য নির্ধারিত হলো। এর পাশাপাশি আগামী নভেম্বর মাসের মধ্যেই বাজারে বড় ধরনের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিও ছাড়ার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি।
‘অ্যানথ্রপিক পাবলিক বেনিফিট ফান্ড’ নামের এই নতুন কাঠামোর মাধ্যমে প্রচলিত অলাভজনক সংস্থায় বড় অনুদান দেওয়া কিংবা নির্দিষ্ট জনগোষ্ঠীর কাছে সরাসরি আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হবে। বিশেষ করে শ্রমবাজারে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব মোকাবিলার বিষয়টিকে তারা উদাহরণ হিসেবে তুলে ধরেছে। এআই প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণার জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ২০ কোটি ডলার বরাদ্দ করেছে। তবে প্রযুক্তির দ্রুত অগ্রগতির কারণে এখন আরও জোরালো ও সাহসী পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে জানিয়েছে তারা।
ব্যবসায়িক লাভের পাশাপাশি সামাজিক উন্নয়ন বজায় রাখতে প্রধান নির্বাহী দারিও আমোদেয়ি এবং অন্য পাঁচজন সহপ্রতিষ্ঠাতা অ্যানথ্রপিককে একটি জনকল্যাণমূলক করপোরেশন হিসেবে গড়ে তোলেন। প্রতিষ্ঠাতারা আগেই তাঁদের ব্যক্তিগত সম্পদের ৮০ শতাংশ দান করার অঙ্গীকার করেছেন। এ ছাড়া প্রতিষ্ঠানটির কর্মীদের শেয়ার অনুদান কর্মসূচিতে প্রায় অর্ধেক কর্মী অংশ নিচ্ছেন, যেখানে কর্মীদের দেওয়া অংশের সমপরিমাণ শেয়ার প্রতিষ্ঠান নিজেই যুক্ত করে। ভবিষ্যতে প্রতিষ্ঠানের সার্বিক আর্থিক মূল্যায়ন নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছালে জনকল্যাণে শেয়ার বরাদ্দের এই পরিমাণ আরও বাড়তে পারে।