মক্কা ও মদিনা ছাড়া পুরো সৌদি আকাশসীমা অনিরাপদ ঘোষণা হুথিদের
পবিত্র মক্কা ও মদিনা ছাড়া গোটা সৌদি আরবের আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী।
পবিত্র মক্কা ও মদিনা ছাড়া গোটা সৌদি আরবের আকাশসীমাকে অনিরাপদ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। একই সঙ্গে দেশটির তেল স্থাপনাগুলো থেকে সাধারণ নাগরিক ও কর্মীদের দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। হুথিদের পক্ষ থেকে বলা হয়েছে, সম্ভাব্য আর্থিক ক্ষতি এড়াতে সৌদি তেল কোম্পানি আরামকোর অংশীদারদের দ্রুত শেয়ার প্রত্যাহার করে নেওয়া উচিত। তবে নতুন এই হুমকির বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।
এর আগে সৌদি আরবের নাজরান শহরের একটি আবাসিক এলাকায় গোলার আঘাতে অন্তত ছয়জন আহত হন বলে জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। এছাড়া খামিস মুশাইত শহর লক্ষ্য করে হুথিদের ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।
গত অক্টোবর মাসের শুরু থেকেই সৌদি জোট ও হুথিদের মধ্যে সামরিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। হুথিদের সামরিক সক্ষমতা ধ্বংস করতে সৌদি জোট বড় ধরনের অভিযান শুরু করেছে। অন্যদিকে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দর ও তেল স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে হুথিরা।