ডেইলি বাংলাগ্রাম

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র।

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র: মার্কো রুবিও

ভারতের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি চূড়ান্ত করার খুব কাছাকাছি রয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার উজবেকিস্তানের সমরখন্দ শহরে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মঙ্গলবার থেকে ভারতে তাঁর তিন দিনের সফর শুরু হওয়ার কথা রয়েছে। এই সফরে তিনি প্রথমে মুম্বাইয়ে যাবেন। পরে গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম একক তেল শোধনাগার পরিদর্শন করবেন তিনি।

রাশিয়ার তেল ও গ্যাসের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে কথা বলতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জানান, বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতেই ওয়াশিংটন এই পদক্ষেপ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতীয় নিরাপত্তা সংক্রান্ত ছাড়ের সিদ্ধান্তের ক্ষেত্রে এসব বিষয় বিবেচনায় নেন। তিনি আরও উল্লেখ করেন, ভৌগোলিক বাস্তবতার কারণে অনেক দেশের পক্ষেই বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করা কঠিন হয়ে পড়ে। পররাষ্ট্রনীতি তৈরির সময় এই জটিল বিষয়গুলোর মধ্যে ভারসাম্য বজায় রাখতে হয়।

এর আগে গত ফেব্রুয়ারি মাসে বাণিজ্য বিরোধ মেটাতে দুই দেশ একটি অন্তর্বর্তী কাঠামোর বিষয়ে সম্মত হয়েছিল। ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল গত সপ্তাহে জানান, প্রস্তাবিত চুক্তির প্রথম ধাপ চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে এর আইনি খসড়া তৈরির কাজ চলছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সময় ভারত রুশ তেল কেনা অব্যাহত রাখায় গত বছর ট্রাম্প প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছিল, যা দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ায়। তবে নানা টানাপোড়েনের মধ্যেও গত বছর দেশ দুটির মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ১৪ হাজার ৯৪০ কোটি ডলার।