ডেইলি বাংলাগ্রাম

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, আহত ৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১, আহত ৮

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন। সোমবার রাতে চালানো এই হামলার পর রাজধানীর অন্তত তিনটি এলাকায় ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ইউক্রেনের জরুরি সেবা বিভাগ হতাহতের এই তথ্য নিশ্চিত করেছে।

হামলার কারণে কিয়েভের দেসনিয়ানস্কি এলাকার একটি মেট্রো স্টেশন ক্ষতিগ্রস্ত হয়। সেখানে আগুন ধরে গেলে উদ্ধারকর্মীরা একজনের মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে জরুরি বিভাগের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা দূরপাল্লার ড্রোন এবং আধুনিক সমরাস্ত্র দিয়ে কিয়েভ ও এর আশপাশের সামরিক শিল্পপ্রতিষ্ঠান, ড্রোন সংরক্ষণাগার এবং একটি তথ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে। একই সঙ্গে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর ইউক্রেনের অন্তত ১৪৯টি ড্রোন ধ্বংসের দাবি করেছে মস্কো। তবে যুদ্ধের পরিস্থিতির কারণে কোনো পক্ষের দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।