হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে তেলের ট্যাংকারে আগুন
হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে সোমবার জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস।
হরমুজ প্রণালিতে নৌ-মাইনের আঘাতে একটি তেলবাহী ট্যাংকারে আগুন ধরে গেছে বলে সোমবার জানিয়েছে ইরানের রেভল্যুশনারি গার্ডস। বাহিনীটির বরাতে জানা যায়, অননুমোদিত দক্ষিণ পথ দিয়ে যাওয়ার সময় জাহাজটি মাইনের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্যাংকারটির ইঞ্জিনকক্ষে বিস্ফোরণ ঘটে এবং আগুন লেগে যায়। ওই সময় জাহাজটির অবস্থান শনাক্তকরণ ও দিকনির্ণয় ব্যবস্থা বন্ধ ছিল।
এর আগের দিনও প্রণালিটিতে একই কারণে দুটি তেলের জাহাজে আগুন ধরে যায়। চলতি সপ্তাহে রেভল্যুশনারি গার্ডসের নৌ কমান্ডার অ্যাডমিরাল আলি ওজমাই হুঁশিয়ারি দেন, যেসব জাহাজ দিকনির্ণয় ব্যবস্থা বন্ধ রাখবে সেগুলোকে ‘শত্রুভাবাপন্ন’ হিসেবে গণ্য করা হবে।
গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় ইরান। এরপর থেকে জলপথটি দিয়ে যাতায়াতে সব জাহাজের জন্য তেহরানের অনুমতি নেওয়া বাধ্যতামূলক করা হয়। বিশ্বের মোট তেলের প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবহন করা হয়। ইরানের এই পদক্ষেপের জবাবে যুক্তরাষ্ট্রও দেশটির তেল রপ্তানির ওপর পাল্টা নৌ-অবরোধ আরোপ করেছে।