সৌদি আরবের সুরক্ষায় সেনা মোতায়েন নিয়ে মিশরের পার্লামেন্টে জরুরি অধিবেশন
সৌদি আরবের সুরক্ষায় মিশরের সেনা মোতায়েনের সম্ভাবনা যাচাই করতে রবিবার দেশটির পার্লামেন্টে এক জরুরি অধিবেশন শুরু হয়েছে।
সৌদি আরবের সুরক্ষায় মিশরের সেনা মোতায়েনের সম্ভাবনা যাচাই করতে রবিবার দেশটির পার্লামেন্টে এক জরুরি অধিবেশন শুরু হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ধারাবাহিক হামলার মুখে সৌদি আরবের নিরাপত্তা রক্ষায় সম্ভাব্য পদক্ষেপ নিয়ে এই আলোচনা চলছে। নতুন প্রশাসনিক রাজধানীতে অনুষ্ঠিত এই বিশেষ অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হিশাম বাদাউই। প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির আহ্বানে পার্লামেন্টের এই অধিবেশন আহ্বান করা হয়।
এর আগে শনিবার প্রেসিডেন্ট সিসি জানান, সৌদি আরবের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় দেশটির অনুরোধ অনুযায়ী যে কোনো পদক্ষেপ নিতে মিশর প্রস্তুত। মিশরের সংবিধানের ১৫২ অনুচ্ছেদ অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষা কাউন্সিলের পরামর্শ এবং পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের অনুমোদন ছাড়া বিদেশে সেনা পাঠানোর এখতিয়ার প্রেসিডেন্টের নেই। রবিবার সিসির সভাপতিত্বে জাতীয় প্রতিরক্ষা কাউন্সিল সৌদি আরবের প্রতি পূর্ণ সমর্থন জানায় এবং তাদের ভৌগোলিক অখণ্ডতা ও পবিত্র স্থান রক্ষায় সর্বাত্মক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নেয়।
সৌদি আরব ও হুতি বিদ্রোহীদের মধ্যে সাম্প্রতিক সময়ে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। হুতিরা সৌদি আরবের ভূখণ্ড লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে। এর জবাবে সৌদি নেতৃত্বাধীন জোটও রাজধানী সানাসহ বিভিন্ন হুতি ঘাঁটিতে বিমান হামলা জোরদার করেছে। সংঘাত বৃদ্ধির প্রেক্ষাপটে হুতিরা সৌদি আরবের তেল স্থাপনাগুলোতে আরও হামলার হুমকি দিয়ে রেখেছে।