ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় ও শিক্ষা সংকটে তীব্র অসন্তোষ, দেশজুড়ে সাড়ে ৫ লাখ মানুষের বিক্ষোভ
ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ মিলে এক বড় রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে।
ফ্রান্সে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির ক্ষোভ মিলে এক বড় রাজনৈতিক সংকটে রূপ নিয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, শনিবার দেশজুড়ে প্রায় ৫ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নেন। শিক্ষার্থীদের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন 'ইয়েলো ভেস্ট' আন্দোলনের সমর্থকরাও।
বিক্ষোভকারীরা ক্রমবর্ধমান নিত্যপ্রয়োজনীয় খরচ এবং সরকারি পরিষেবা সংকোচনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, সাধারণ মানুষের নানামুখী সংকট সমাধানে সরকারের কার্যকর কোনো পদক্ষেপ নেই। প্যারিসের প্লেস দে লা রিপাবলিকসহ দেশের বিভিন্ন স্থানে এই প্রতিবাদ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভের অধিকাংশ অংশ শান্তিপূর্ণ ছিল। তবে ছোট একটি দল বিভিন্ন ভবনে হামলা চালায় এবং দোকানপাটে লুটপাট করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে এবং বিক্ষোভকারীদের ওপর চড়াও হলে সংঘর্ষের ঘটনা ঘটে।