ফ্রান্সে বিক্ষোভে ১৮০০ জনের বেশি আটক, আহত পাঁচ শতাধিক নিরাপত্তাকর্মী
ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার দায়ে এ পর্যন্ত এক হাজার আটশর বেশি মানুষকে আটক করা হয়েছে।
ফ্রান্সে সাম্প্রতিক বিক্ষোভে সহিংসতার দায়ে এ পর্যন্ত এক হাজার আটশর বেশি মানুষকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বিক্ষোভ চলাকালে সংঘর্ষে পাঁচ শতাধিক পুলিশ কর্মকর্তা, জেন্ডারমে ও দমকলকর্মী আহত হয়েছেন। সহিংসতায় সম্পদ ও ব্যবসাপ্রতিষ্ঠানের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, হাজার হাজার উগ্র বামপন্থি বিক্ষোভকারী এবং অপরাধী চক্র বিভিন্ন শহরে পরিকল্পিতভাবে বিশৃঙ্খলা তৈরি করে। প্যারিস, মার্সেই, লিওঁ, বোর্দো, রেন, স্ট্রাসবার্গ, গ্রেনোবল, নিস ও লিমোজসহ একাধিক শহরে সরকারি ভবন, সিটি হল এবং দোকানে হামলা ও লুটপাট চালানো হয়। চরম প্রতিকূল পরিস্থিতিতে দায়িত্ব পালন করায় নুনেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দমকলকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সহিংসতায় জড়িতদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করতে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় লরেন্ট নুনেজ জানান, যারা বিশৃঙ্খলা ও সহিংসতা চাপিয়ে দিতে চায়, তাদের কাছে প্রজাতন্ত্র কখনোই মাথা নত করবে না।