ডেইলি বাংলাগ্রাম

বাণিজ্য জোরদারে মধ্য ও দক্ষিণ এশিয়া সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে মধ্য ও দক্ষিণ এশিয়া সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বাণিজ্য জোরদারে মধ্য ও দক্ষিণ এশিয়া সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলা এবং বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে মধ্য ও দক্ষিণ এশিয়া সফরে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার রাতে তিনি এই সফরের উদ্দেশ্যে রওনা হন। তাঁর সঙ্গে ২০০ সদস্যের একটি বড় ব্যবসায়ী প্রতিনিধিদল উজবেকিস্তানে যাচ্ছে। ঐতিহাসিক শহর সমরখন্দে সোমবার মধ্য এশিয়ার পাঁচটি দেশ—কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে 'সি৫+১' বৈঠকে অংশ নেবেন রুবিও। জ্বালানি ও খনিজ সম্পদে সমৃদ্ধ এই অঞ্চলে মার্কিন অংশীদারিত্ব বাড়ানোই এই সফরের অন্যতম লক্ষ্য।

বর্তমানে ইরান ও ইউক্রেন সংঘাতের মতো বিষয়গুলো মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূতদের ওপর ছেড়ে দিয়ে বাণিজ্যিক সফরে জোর দিচ্ছেন রুবিও। সাবেক সোভিয়েতভুক্ত এই পাঁচ দেশের প্রধান বাণিজ্য অংশীদার এখন চীন। বেইজিং ইতোমধ্যে তুর্কমেনিস্তানের প্রাকৃতিক গ্যাস, কাজাখস্তানের ইউরেনিয়াম এবং তাজিকিস্তানের দুর্লভ খনিজ খাতে বড় চুক্তি করেছে। ইউক্রেন যুদ্ধের কারণে অঞ্চলটিতে রাশিয়ার ঐতিহাসিক প্রভাব কিছুটা কমে যাওয়ায় যুক্তরাষ্ট্র এখন নিজেদের অবস্থান পোক্ত করতে চাইছে।

উজবেকিস্তান পর্ব শেষে ভারতে যাবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। চলতি বছর এটি ভারতে তাঁর দ্বিতীয় সফর। সেখানে তিনি মুম্বাই ও গুজরাটের জামনগর পরিদর্শন করবেন। এ সফরে ভারতীয় ধনকুবের অনন্ত আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের টেক্সাসে একটি শোধনাগারে অর্থায়ন পরিকল্পনাসহ বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে আলোচনা হবে। এছাড়া দীর্ঘদিন ধরে চলমান ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তিও প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন।