বাণিজ্যিক ভবন নির্মাণের আশঙ্কায় ডেরা ইসমাইল খানের রামলীলা মন্দির সিলগালা
পাকিস্তানের ডেরা ইসমাইল খানের রহিম বাজারে অবস্থিত ঐতিহাসিক রামলীলা মন্দিরটি তালাবদ্ধ ও সিলগালা করেছে স্থানীয় প্রশাসন।
পাকিস্তানের ডেরা ইসমাইল খানের রহিম বাজারে অবস্থিত ঐতিহাসিক রামলীলা মন্দিরটি তালাবদ্ধ ও সিলগালা করেছে স্থানীয় প্রশাসন। ওই স্থানে একটি বাণিজ্যিক প্লাজা নির্মাণের উদ্দেশ্যে ঐতিহ্যবাহী ভবনটি ভাঙার চেষ্টা করা হচ্ছিল। নাগরিক সমাজের কর্মীদের বাধার মুখে শনিবার এই পদক্ষেপ নেওয়া হয়। এর আগে স্থানীয় বাসিন্দাদের তীব্র প্রতিবাদের মুখে সহকারী কমিশনার হামিদ সিদ্দিক কাজ বন্ধের নির্দেশ দিয়ে ভবনটি সিলগালা করেছিলেন।
মন্দির ভাঙার এই উদ্যোগ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি ও হিন্দু সম্প্রদায়ের সদস্যরা সম্প্রতি একটি যৌথ বৈঠক করেছেন। নাগরিক সমাজের সভাপতি সোহেল আহমেদ আজমির কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধি কিশোর কুমার এবং সমাজকর্মী মুহাম্মদ নোমানসহ অনেকে অংশ নেন। বৈঠকে বাণিজ্যিক প্লাজা নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দা জানানো হয়। পাশাপাশি জনপ্রতিনিধিদের বিষয়টি দেশটির জাতীয় পরিষদে তোলার আহ্বান জানান উপস্থিত ব্যক্তিরা।
আলোচনায় জানানো হয়, রামলীলা মন্দিরটি ইভাকুই ট্রাস্ট প্রোপার্টি বোর্ড চিহ্নিত ডেরা ইসমাইল খানের প্রায় ৪০০টি ঐতিহ্যবাহী সম্পত্তির অন্যতম। অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, বৈধ কর্তৃত্ব নিয়ে প্রশ্ন থাকা সত্ত্বেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে বাণিজ্যিক ভবন তৈরির অনুমোদন দিয়েছে। তারা শহরের ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় যেকোনো পদক্ষেপ প্রতিহত করার ঘোষণা দেন। একই সঙ্গে পুরো বিষয়টি তদন্তের দাবি জানিয়ে জেলা প্রশাসন, জাতীয় পরিষদের স্পিকার ও প্রত্নতত্ত্ব বিভাগের কাছে অভিযোগ দেওয়ার সিদ্ধান্ত নেন।