গাজায় ইসরায়েলি হামলায় আহত হামাসের রাজনৈতিক প্রধান আলী আল-আমৌদি
গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর ভারপ্রাপ্ত প্রধান আলী আল-আমৌদি ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছেন।
গাজায় হামাসের রাজনৈতিক ব্যুরোর ভারপ্রাপ্ত প্রধান আলী আল-আমৌদি ইসরায়েলি বিমান হামলায় আহত হয়েছেন। গত ৩ অক্টোবর গাজা সিটির পশ্চিমাঞ্চলের বন্দর এলাকার একটি আবাসিক ভবনে এই হামলা চালানো হয়। ওই হামলায় পাঁচজন ফিলিস্তিনি নিহত হন। হামলার সময় আল-আমৌদি ভবনের ভেতরেই ছিলেন। তবে মূল আঘাতের স্থান থেকে কিছুটা দূরে থাকায় তিনি প্রাণে বেঁচে যান। হামলায় তাঁর হাত-পায়ে চিড় ধরাসহ মাঝারি ধরনের জখম হয়েছে। বর্তমানে একটি নিরাপদ স্থানে তাঁর চিকিৎসা চলছে এবং তিনি সুস্থ আছেন।
এর আগে দাবি করা হয়েছিল যে, হামলার আগেই তিনি ভবনটি ছেড়ে চলে গিয়েছিলেন। হামাসের সামরিক শাখা আল-কাসাম ব্রিগেডস সেখানে ইসরায়েলি ড্রোনের সন্দেহজনক গতিবিধি শনাক্ত করার পর নিরাপত্তা সতর্কতা জারি করেছিল। তবে নতুন তথ্যে নিশ্চিত হওয়া গেছে, নির্দেশিত ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন আঘাত হানার সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন। হামলার সফলতা বা ব্যর্থতা নিয়ে ইসরায়েলি বাহিনীকে অনিশ্চয়তায় রাখতে এবং কৌশলগত কারণে তাঁর আহত হওয়ার বিষয়টি এতদিন গোপন রাখা হয়েছিল।
আলী আল-আমৌদি হামাসের নীতিনির্ধারণী পর্যায়ের একজন প্রভাবশালী নেতা। তিনি সাবেক শীর্ষ নেতা ইয়াহিয়া সিনওয়ারের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। ২০১১ সালে গিলাদ শালিত বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে তিনি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান। যুদ্ধের আগে তিনি হামাসের গণমাধ্যম বিভাগের দায়িত্বে ছিলেন। পরে ২০২৫ সালের ডিসেম্বরে তিনি গাজায় দলের রাজনৈতিক ব্যুরোর ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পান। এই হামলার কিছুদিন আগেই তিনি গাজায় দলের অভ্যন্তরীণ নেতৃত্বের নির্বাচনে নিজার আওয়াদাল্লাহর প্রতিদ্বন্দ্বী হিসেবে অংশ নিয়েছিলেন।