ইয়েমেন সীমান্তে সৌদি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ বৈমানিক
ইয়েমেন সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই বৈমানিক নিহত হয়েছেন।
ইয়েমেন সীমান্তের কাছে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই বৈমানিক নিহত হয়েছেন। রোববার সৌদি নেতৃত্বাধীন জোট এই তথ্য নিশ্চিত করেছে। জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, কারিগরি ত্রুটির কারণে নাজরান অঞ্চলে ন্যাশনাল গার্ডের ‘এএইচ-সিক্সআই’ মডেলের নজরদারি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় এবং এতে থাকা দুই কর্মকর্তা প্রাণ হারান। তবে হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি দাবি করেছেন, তারাই সৌদি আরবের একটি অ্যাপাচি হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করেছেন। গত জুলাইয়ে হুথিদের সাথে পুনরায় যুদ্ধ শুরুর পর এটিই সৌদি জোটের প্রথম কোনো সামরিক প্রাণহানির ঘটনা।
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হওয়ার এক সপ্তাহের মাথায় এই দুর্ঘটনা ঘটল। চার বছরের অস্ত্রবিরতির পর গত মাসে লোহিত সাগর উপকূলের কৌশলগত এলাকা হুথিরা দখলে নিলে এই সংঘাত নতুন করে তীব্র রূপ নেয়। পাল্টা হিসেবে সৌদি জোটও ইয়েমেনে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে। শনিবার সৌদি বিমান হামলায় তিন শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছে বলে হুথিরা দাবি করেছে। অপরদিকে সৌদি কর্তৃপক্ষ জানায়, তারা রিয়াদের আকাশে দুটি এবং তেলসমৃদ্ধ পূর্বাঞ্চলীয় প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া দক্ষিণাঞ্চলের খামিস মুশাইতের দিকে ছোড়া হুথিদের দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করা হয়েছে।
হুথি বিদ্রোহীরা বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের অঞ্চল দখল করে সৌদি আরবের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণা করেছে। এমন পরিস্থিতিতে হুথি হামলা থেকে সৌদি আরবকে প্রতিরক্ষা সহায়তা দেওয়ার বিষয়ে রোববার মিশরের পার্লামেন্টে এক জরুরি অধিবেশন ডাকা হয়েছে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, সৌদি আরবের সুরক্ষায় মিশর যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে তিনি উল্লেখ করেন, এটি কাউকে আক্রমণ করার জন্য নয়, বরং কেবল প্রতিরক্ষার স্বার্থেই করা হবে।