তিউনিসিয়ায় গণতন্ত্র ফেরানোর দাবিতে হাজারো মানুষের বিক্ষোভ
গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন।
গণতন্ত্র ও নাগরিক অধিকার পুনরুদ্ধারের দাবিতে তিউনিসিয়ার রাজধানী তিউনিসে শনিবার হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। দেশটির প্রধান শ্রমিক সংগঠন ইউজিটিটি, মানবাধিকার লীগ এবং সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন প্রভাবশালী সংগঠনের ডাকে এই কর্মসূচি পালিত হয়। প্রেসিডেন্ট কায়েস সাইদের বিতর্কিত নীতি ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই ছিল বিরোধীদের সবচেয়ে বড় গণসমাবেশ।
শ্রমিক ইউনিয়নের সদর দপ্তর মোহাম্মদ আলী স্কয়ার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি রাজধানীর কেন্দ্রস্থল হাবিব বোরগুইবা এভিনিউতে পৌঁছায়। দীর্ঘদিনের রাজনৈতিক মতভেদ ভুলে বিভিন্ন বিরোধী দল, আইনজীবী, চিকিৎসক ও বেকার নাগরিকেরা এতে অংশ নেন। বিক্ষোভকারীরা বিচার বিভাগের স্বাধীনতা এবং দমন-পীড়ন বন্ধের দাবি জানান। সেই সঙ্গে বিদ্যুৎ-পানির তীব্র সংকট ও দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে বর্তমান সরকারকে ব্যর্থ আখ্যা দিয়ে অবিলম্বে পদত্যাগের দাবি তোলেন।
২০২১ সালে পার্লামেন্ট বিলুপ্ত এবং ডিক্রি জারির মাধ্যমে দেশের শাসনব্যবস্থা নিজের নিয়ন্ত্রণে নিয়েছিলেন প্রেসিডেন্ট সাইদ। মানবাধিকার সংস্থা ও বিরোধীদের অভিযোগ, দেশটিতে মতপ্রকাশের স্বাধীনতা হরণ করা হয়েছে এবং বহু রাজনৈতিক নেতা তিন বছরের বেশি সময় ধরে বন্দি রয়েছেন। তবে কর্তৃত্ববাদের অভিযোগ অস্বীকার করে প্রেসিডেন্ট সাইদ দাবি করেছেন, তিনি দুর্নীতিবাজদের দমন করছেন এবং বিরোধীরাই সামাজিক অস্থিরতা তৈরির জন্য অর্থনৈতিক সংকট সৃষ্টি করছে।