২০৩০ সালে ক্ষমতা ছাড়ার ঘোষণা মিশরের প্রেসিডেন্ট সিসির
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, ২০৩০ সালেই তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হবে।
মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি জানিয়েছেন, ২০৩০ সালেই তাঁর ক্ষমতার মেয়াদ শেষ হবে। শনিবার মিশরীয় মিলিটারি একাডেমির এক অনুষ্ঠানে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, বিষয়টি নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই এবং এজন্য সংবিধানে কোনো পরিবর্তন আনা হবে না। একই সঙ্গে পরিবারের কোনো সদস্য বা আত্মীয়কে নিজের উত্তরসূরি হিসেবে তৈরি করার জল্পনাও সরাসরি নাকচ করে দেন তিনি।
সিসি ২০১৪ সালে প্রথমবার মিশরের প্রেসিডেন্ট নির্বাচিত হন। এরপর ২০১৮ এবং ২০২৩ সালের নির্বাচনেও তিনি জয়ী হন। ২০১৯ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে প্রেসিডেন্টের মেয়াদ চার থেকে বাড়িয়ে ছয় বছর করা হয়। এর ফলে তাঁর তৃতীয় মেয়াদের সময়সীমা ২০৩০ সাল পর্যন্ত নির্ধারিত হয়। সিসি উল্লেখ করেন, ২০৩০ সাল পর্যন্ত আর ৪৩ মাস বাকি রয়েছে। এর মধ্যে ভবিষ্যৎ নেতৃত্ব প্রস্তুত করতে ৩০ মাস সময় দেওয়ার প্রস্তাব করেন তিনি। এই প্রক্রিয়ায় ২০০, ৩০০ বা ৫০০ জনের দল গঠন করে রাষ্ট্র পরিচালনার প্রশিক্ষণ দেওয়ার পরামর্শ দেন তিনি।
যোগ্য প্রার্থী নির্বাচনের আইন ও কাঠামো তৈরির জন্য তিনি পার্লামেন্টের স্পিকার, বিচারমন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রী এবং বিশিষ্ট চিন্তাবিদদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, সিসির এই ঘোষণা মিশরে সাংবিধানিক উপায়ে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের একটি বড় নজির। এর মাধ্যমে তিনি স্পষ্ট করেছেন যে পরবর্তী নেতৃত্ব বাছাইয়ের দায়িত্ব জনগণের হাতেই থাকবে। একই সঙ্গে মিশর যে পারিবারিক শাসনের বদলে একটি প্রাতিষ্ঠানিক রাষ্ট্র হিসেবে চলবে, এই বক্তব্যে তা নিশ্চিত হয়েছে।