ডেইলি বাংলাগ্রাম

হাসিনার পথেই হাঁটছে বর্তমান সরকার: ডা. শফিকুর রহমান

বর্তমান সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেখানো পথেই চলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

হাসিনার পথেই হাঁটছে বর্তমান সরকার: ডা. শফিকুর রহমান

বর্তমান সরকার ক্ষমতাচ্যুত শেখ হাসিনার দেখানো পথেই চলছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার টঙ্গীর শহীদ আব্দুল মালেক মিলনায়তনে গাজীপুর মহানগর জামায়াতের রুকন সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, এই সরকার গণভোট অগ্রাহ্য করছে এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন করছে না। এই ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের পরিণতিও শেখ হাসিনার মতো হবে বলে তিনি সতর্ক করেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের পর সব সমাধানের আশ্বাস দেওয়া হলেও দেশে সমস্যা এখন দ্বিগুণ হয়েছে। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি, বরং সমাজে অন্যায় এবং দুর্নীতি বেড়েছে। বিচার ও শিক্ষাঙ্গনে এখনো অনিয়ম ও দলীয়করণ চলছে। ২০২৪ সালে বৈষম্যমুক্ত বাংলাদেশের প্রত্যাশা থাকলেও নতুন মাত্রায় বৈষম্য ও লুটপাট শুরু হয়েছে। তাঁর মতে, ক্ষমতা কার্যত এক লুটেরার হাত থেকে আরেক লুটেরার হাতে গেছে। এই পরিস্থিতিতে জামায়াতকেই দেশের মানুষ নিরাপদ ভাবছে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে গাজীপুরের আসন্ন স্থানীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয়ী করতে নেতা-কর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি।

রুকনদের উদ্দেশে জামায়াত আমির কোরআনের আদর্শে জীবন পরিচালনা ও সুদ বর্জনের পরামর্শ দেন। তিনি মনে করিয়ে দেন, রাসুল (সা.)-এর আচরণে মুগ্ধ হয়ে বিদায় হজের সময় এক লাখ ২০ হাজার মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন। গাজীপুর মহানগর জামায়াতের আমির অধ্যাপক জামাল উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অধ্যক্ষ আব্দুর রব, মাওলানা শাহজাহান, মাওলানা দেলোয়ার হোসেন, ড. খলিলুর রহমান মাদানি, ড. জাহাঙ্গীর আলম ও আবুল হাশেম খান উপস্থিত ছিলেন। এ ছাড়া আমেনা বেগম, খায়রুল হাসান, আ স ম ফারুক ও আফজাল হোসেনসহ অন্য নেতারাও এতে অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে মাওলানা আব্দুল হালিম দারসুল কোরআন পেশ করেন এবং পরে দেশীয় সাহিত্য সাংস্কৃতিক সংসদ সংগীত পরিবেশন করে।