ভোটার তালিকা সংশোধনের প্রতিবাদে চেন্নাইয়ে ইন্ডিয়া জোটের বিক্ষোভ, প্রথমবার যোগ দিল টিভিকে
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে তামিলনাড়ুতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের (এসআইআর) বিরুদ্ধে তামিলনাড়ুতে বড় ধরনের বিক্ষোভ সমাবেশ করেছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। ১৫ অক্টোবর আয়োজিত ‘গণতন্ত্র বাঁচাও’ শীর্ষক এই আন্দোলনে কেন্দ্র সরকারের বিরুদ্ধে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ তোলা হয়। চলতি মাসে বিরোধী জোটে আনুষ্ঠানিকভাবে যুক্ত হওয়ার পর এই প্রথমবারের মতো ইন্ডিয়া জোটের সঙ্গে রাজপথের কর্মসূচিতে অংশ নিল রাজ্যের ক্ষমতাসীন দল তামিলাগা ভেট্রি কাজাগম (টিভিকে)।
বিক্ষোভ সমাবেশে বিরুধুনগরের লোকসভা সাংসদ বি মানিকম ঠাকুর বলেন, গণতন্ত্র রক্ষা করতে হলে এসআইআর প্রত্যাহার নিশ্চিত করতে হবে। আর এটি কেবল তখনই সম্ভব, যখন প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করবেন। টিভিকে-র সমর্থন আন্দোলনকে আরও শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন। একই কর্মসূচিতে অংশ নিয়ে এমডিএমকে প্রধান ভাইকো অভিযোগ করেন, দেশজুড়ে প্রায় ১৩ কোটি ৩০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিয়ে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। নির্বাচন কমিশন কেন্দ্রের হয়ে কাজ করছে বলে দাবি করে তিনি নির্বাচন কমিশনারের পদত্যাগ চান। এছাড়া এ বিষয়ে সুপ্রিম কোর্টে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথাও জানান বিরোধী নেতারা।
অভিনেতা থেকে রাজনীতিবিদ হওয়া বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে বিধানসভা নির্বাচনে ডিএমকে-কে পরাজিত করে কংগ্রেস ও বাম দলগুলোর সমর্থনে গত মে মাসে সরকার গঠন করে। পরবর্তীতে দলটি ইন্ডিয়া জোটে যোগ দেয়। এই প্রতিবাদ কর্মসূচিতে ভিসিকে প্রধান থল থিরুমাভালাভান ছাড়াও সিপিআই(এম)-এর রাজ্য সম্পাদক পি শানমুগাম এবং সিপিআই-এর রাজ্য সম্পাদক এম বীরাপান্ডিয়ানসহ জোটের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।