ইসলাম ধর্ম গ্রহণ করলে মিলবে না হিন্দু অনগ্রসর শ্রেণির কোটা সুবিধা: সুপ্রিম কোর্ট
ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনো ব্যক্তি আর হিন্দু অনগ্রসর বা অনগ্রসর শ্রেণিভুক্ত কোটার সুবিধা দাবি করতে পারবেন না বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
ইসলাম ধর্ম গ্রহণ করলে কোনো ব্যক্তি আর হিন্দু অনগ্রসর বা অনগ্রসর শ্রেণিভুক্ত কোটার সুবিধা দাবি করতে পারবেন না বলে রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র এবং বিচারপতি শ্রী চন্দ্রশেখরের বেঞ্চ মাদ্রাজ হাইকোর্টের রায় বহাল রেখে এই পর্যবেক্ষণ দেন। একই সঙ্গে তামিলনাড়ু সরকারের একটি আবেদন খারিজ করে শীর্ষ আদালত জানায়, ধর্মান্তরিত হওয়ার মাধ্যমে পূর্ববর্তী জাতি বা সম্প্রদায়ের ভিত্তিতে কোটা সুবিধার আইনি ভিত্তি শেষ হয়ে যায়।
রায়ে আদালত জানায়, তামিলনাড়ুর ১৯৯৩ সালের আইনের অধীনে থাকা সাতটি মুসলিম অনগ্রসর সম্প্রদায়ের সদস্যপদ কেবল ধর্মান্তরিত হলেই পাওয়া যাবে না। আদালত সংবিধানের ১৬(৪) অনুচ্ছেদ উল্লেখ করে জানায়, অ-হিন্দু সামাজিক ব্যবস্থায় প্রবেশ করলে আগের অনগ্রসরতার সুবিধা বলবৎ থাকে না। সাংবিধানিক বিধান অনুসারে, হিন্দু, শিখ ও বৌদ্ধ ধর্মের বাইরে গেলে তফশিলি জাতির মর্যাদাও শেষ হয়। তবে কোনো ব্যক্তি যদি পুনরায় হিন্দু ধর্মে ফিরে আসেন, তবে তার আদি পরিচয় যাচাই করে এই সুবিধার বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।
২০১৫ সালে সমীর আহমেদ নামের এক ব্যক্তি হিন্দু ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণের পর এই আইনি প্রক্রিয়ার সূচনা হয়। ২০১৬ সালে এ বিষয়ে গেজেট প্রকাশিত হয় এবং তিনি তামিলনাড়ুর তালিকাভুক্ত অনগ্রসর লেব্বাই মুসলিম সম্প্রদায়ের সনদ চেয়ে আবেদন করেন। তহশিলদার সেই আবেদন বাতিল করলে বিষয়টি মাদ্রাজ হাইকোর্টে গড়ায়। হাইকোর্ট ২০২৪ সালের ৯ মার্চের একটি সরকারি আদেশ অসাংবিধানিক হিসেবে বাতিল করে দেয় এবং সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত সেই সিদ্ধান্ত বহাল রাখল।