মণিপুরে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহে বিএসএফের ৭৫ সদস্যসহ হাসপাতালে ৭৮ জন
মণিপুরের ইম্ফলে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৭৫ জন সদস্য এবং তিন জন সাধারণ নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন।
মণিপুরের ইম্ফলে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) ৭৫ জন সদস্য এবং তিন জন সাধারণ নাগরিক হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালের নাশতা খাওয়ার পর তারা অসুস্থ হয়ে পড়েন। এরপর দুপুর আনুমানিক একটার দিকে তাদের স্থানীয় রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে (রিমস) নেওয়া হয়।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নাশতা খাওয়ার পরপরই রোগীদের বমি ও বমি বমি ভাব দেখা দেয়। জরুরি বিভাগে নিয়ে আসার পর তাদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তাৎক্ষণিক চিকিৎসার পর বর্তমানে তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
রিমসের ভারপ্রাপ্ত মেডিক্যাল সুপারিনটেনডেন্ট অধ্যাপক এম রামেশ্বর জানান, অসুস্থতার মূল কারণ জানতে রোগীদের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। বিএসএফ জওয়ান ও সাধারণ নাগরিকরা একই খাবার খেয়েছিলেন কি না বা নির্দিষ্ট কোনো খাবার থেকে এই বিষক্রিয়া হয়েছে কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।