ডেইলি বাংলাগ্রাম

পালানোর সময় সিরিয়ায় গ্রেপ্তার বানিয়াস গণহত্যার মূল পরিকল্পনাকারী আলী কায়ালি

সিরিয়ার ২০১৩ সালের বানিয়াস গণহত্যার প্রধান সন্দেহভাজন আলী কায়ালিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা।

পালানোর সময় সিরিয়ায় গ্রেপ্তার বানিয়াস গণহত্যার মূল পরিকল্পনাকারী আলী কায়ালি

সিরিয়ার ২০১৩ সালের বানিয়াস গণহত্যার প্রধান সন্দেহভাজন আলী কায়ালিকে সীমান্ত দিয়ে পালানোর সময় গ্রেপ্তার করেছে দেশটির গোয়েন্দা সংস্থা। মিহরাক উরাল নামেও পরিচিত এই সাবেক মিলিশিয়া নেতাকে জেনারেল ইন্টেলিজেন্স ডিরেক্টরেট আটক করে। বৃহস্পতিবার সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর নিশ্চিত করে। তবে তিনি ঠিক কোন সীমান্ত দিয়ে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন, তা জানানো হয়নি।

সাবেক নেতা বাশার আল-আসাদের অনুগত এই কমান্ডারের বিরুদ্ধে গৃহযুদ্ধের শুরুতে পশ্চিমাঞ্চলীয় বানিয়াস শহর এবং পার্শ্ববর্তী আল-বায়দা গ্রামে ব্যাপক গণহত্যার অভিযোগ রয়েছে। এর আগে গত ৪ অক্টোবর তাঁর সাবেক ডেপুটি জামাল তারাবুলসিকে গ্রেপ্তার করে সিরিয়ার সন্ত্রাসবিরোধী কর্তৃপক্ষ। ২০১৩ সালের ২ মে তারতুস প্রদেশের আল-বায়দা গ্রামে আসাদ বাহিনী ও তাদের মিত্র মিলিশিয়ারা হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, সেই সময় সেখানে নারী ও শিশুসহ শত শত বেসামরিক নাগরিককে হত্যা এবং বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়।

এ ছাড়া ২০১৩ সালের মে মাসে তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায় প্রদেশের রেহানলিতে ঘটে যাওয়া জোড়া বোমা হামলায় কায়ালির জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় বহু মানুষ প্রাণ হারান। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদের পতনের পর যুদ্ধাপরাধ ও বেসামরিক নাগরিকদের ওপর নির্যাতন চালানো সাবেক সরকারি কর্মকর্তা ও মিলিশিয়া প্রধানদের গ্রেপ্তারে সিরিয়া জুড়ে তৎপরতা জোরদার করা হয়েছে।