ডেইলি বাংলাগ্রাম

জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের নিন্দা জানাল তুরস্ক

তেল আবিব থেকে ইসরায়েলে নিযুক্ত নিজেদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কলম্বিয়া।

জেরুজালেমে কলম্বিয়ার দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্তের নিন্দা জানাল তুরস্ক

তেল আবিব থেকে ইসরায়েলে নিযুক্ত নিজেদের দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে কলম্বিয়া। দেশটির এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার এক বিবৃতিতে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, কলম্বিয়ার এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন।

বিবৃতিতে বলা হয়, এই সিদ্ধান্ত জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৯৮০ সালের ৪৭৬ ও ৪৭৮ নম্বর প্রস্তাবসহ সংশ্লিষ্ট বিভিন্ন নীতিমালার পরিপন্থী। একই সঙ্গে এটি আন্তর্জাতিক বিচার আদালতের মতামতের সঙ্গেও সাংঘর্ষিক। তুরস্কের মতে, পূর্ব জেরুজালেম মূলত ইসরায়েলের দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডেরই একটি অবিচ্ছেদ্য অংশ।

জেরুজালেমের ঐতিহাসিক ও আইনি মর্যাদা ক্ষুণ্ণ করে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য সব দেশের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা। একই সঙ্গে কলম্বিয়াকে তাদের গৃহীত সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। এতে আরও উল্লেখ করা হয়, ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাই মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ।