এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন পেতে বিলম্ব
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হলেও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এখনো কোনো নির্দেশনা পাননি।
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি হলেও এমপিওভুক্ত বেসরকারি শিক্ষক-কর্মচারীরা এখনো কোনো নির্দেশনা পাননি। সরকারি কর্মীরা অক্টোবর মাস থেকেই নতুন স্কেলে বেতন পাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে এমপিওভুক্তদের জন্য সহসায় আলাদা কোনো প্রজ্ঞাপন হচ্ছে না। ফলে সরকারি স্কেলের সঙ্গে তাঁদের বেতন কীভাবে সমন্বয় করা হবে, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ সংক্রান্ত চূড়ান্ত আদেশ অর্থ বিভাগ থেকে আসবে। তবে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, এই প্রক্রিয়া শেষ হতে নভেম্বর কিংবা ডিসেম্বর পর্যন্ত সময় লেগে যেতে পারে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর বেতন নির্ধারণ ব্যবস্থা এখনো অ্যানালগ বা সনাতন পদ্ধতির। বিশেষ করে মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের বেতন হাতে-কলমে হিসাব করতে হয় বলে প্রজ্ঞাপন প্রকাশে দেরি হচ্ছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, দ্রুত নতুন কাঠামোতে বেতন দেওয়ার জন্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চলছে। এর আগে গত ১ সেপ্টেম্বর শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফেসবুকে জানান, এমপিওভুক্তরাও নতুন বেতনকাঠামোর আওতায় আসবেন। ব্যানবেইসের হিসাব অনুযায়ী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রায় ৩ লাখ ৯৮ হাজার, মাদরাসা শিক্ষায় পৌনে ২ লাখ এবং কারিগরি শিক্ষায় ২৩ হাজারের বেশি শিক্ষক-কর্মচারী রয়েছেন।