ডেইলি বাংলাগ্রাম

সরকারের কাজে কারা অসহযোগিতা

করছেন, শনাক্ত করে ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি।

সরকারের কাজে কারা অসহযোগিতা

করছেন, শনাক্ত করে ব্যবস্থা নিতে বলল সংসদীয় কমিটি

সরকারের কাজে অসহযোগিতা বা গাফিলতি করছেন এমন ব্যক্তিদের খুঁজে বের করে পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় কমিটি। বুধবার জাতীয় সংসদ ভবনে আয়োজিত এক বৈঠকে মন্ত্রণালয়কে এই পরামর্শ দেওয়া হয়। একই সঙ্গে যেসব প্রকল্পে কাজের গতি মন্থর, সেগুলোর কারণ অনুসন্ধান করারও তাগিদ দেয় কমিটি।

সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। সেখানে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে মাঠপর্যায়ে সমন্বয় বাড়ানোর আহ্বান জানানো হয়। কমিটির সভাপতি সাঈদ আহমেদ বৈঠকে বলেন, কোনো কাজে আইনি বা বাস্তব সমস্যা থাকলে তা লুকিয়ে না রেখে প্রকাশ করতে হবে। তিনি প্রযুক্তির যথাযথ ব্যবহারের মাধ্যমে নাগরিকদের দ্রুত সেবা দেওয়া এবং অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সরকারি কর্মকর্তাদের প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভাপতি বলেন, কোনো দল বা ব্যক্তির স্বার্থে নয়, সবাইকে জবাবদিহি ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে হবে। সাঈদ আহমেদের সভাপতিত্বে বৈঠকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারীসহ কমিটির সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), শাহজাহান চৌধুরী, আমিরুল ইসলাম খান, ফখর উদ্দিন আহমেদ, রেহেনা আক্তার ও মো. নূরুল ইসলাম অংশ নেন।