আলাস্কার গ্যাস প্রকল্পে ৪৪০ কোটি ডলার বিনিয়োগ করছে তাইওয়ান
যুক্তরাষ্ট্রের আলাস্কায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাইপলাইন প্রকল্পে ৪৪০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে তাইওয়ান।
যুক্তরাষ্ট্রের আলাস্কায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাইপলাইন প্রকল্পে ৪৪০ কোটি ডলার পর্যন্ত বিনিয়োগের ঘোষণা দিয়েছে তাইওয়ান। দেশটির অর্থনৈতিক বিষয়ক মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানায়। পরিকল্পনা অনুযায়ী, উৎপাদন শুরুর পর তাইওয়ান এই প্রকল্প থেকে প্রতি বছর ৬০ লাখ মেট্রিক টন এলএনজি কিনবে। সবকিছু ঠিক থাকলে ২০৩২ সাল নাগাদ এই গ্যাস তাইওয়ানের অভ্যন্তরীণ জ্বালানি ব্যবস্থায় যুক্ত হবে।
এর আগে আলাস্কার ওয়াসীলায় এক সমাবেশে বিষয়টি প্রথম জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি উল্লেখ করেন, আগামী ২০ বছর ওই পাইপলাইনের মোট উৎপাদনের ৩০ শতাংশ গ্যাস কিনতে রাজি হয়েছে তাইওয়ান। একই সঙ্গে তারা প্রকল্পে ৪৪০ কোটি ডলার বিনিয়োগ করবে। ট্রাম্পের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তাইওয়ান সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক বক্তব্য আসে।
তাইওয়ান তাদের প্রয়োজনীয় জ্বালানির প্রায় পুরোটাই আমদানি করে থাকে। চীনের সার্বভৌমত্বের দাবির মুখে ওয়াশিংটনের সমর্থন ধরে রাখাও তাইপেইয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বীপটি বিভিন্ন দেশ থেকে এলএনজি সংগ্রহ করে। তবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে ইরানের দাবির পর তাদের জ্বালানি আমদানির উৎসে বড় পরিবর্তন এসেছে।